ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের রাইট সাবসক্রিপশন ১০ মার্চ থেকে শুরু হচ্ছে। চলবে ২৫ মার্চ পর্যন্ত। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিমা খাতের পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন দেয়।
কোম্পানিটি ১ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার ৮শ’টি সাধারণ শেয়ার বাজারে ছাড়বে। ফলে এ কোম্পানির বিনিয়োগকারীরা ২:১ অনুপাতে অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার নিতে পারবেন।
রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে মোট ১৮ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার টাকা সংগ্রহ করবে।
তবে রাইট শেয়ারে কোনো প্রিমিয়াম নেওয়া হবে না। অর্থাৎ ফেস ভ্যালু ১০ টাকা অনুযায়ী বিনিয়োগকারীরা রাইট শেয়ার কিনতে পারবেন।
কোম্পানিটি রাইট শেয়ার সংক্রান্ত শর্ত পূরণ করায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রাইট ইস্যু আইন ২০০৬ অনুযায়ী বিএসইসি কোম্পানিটিকে রাইট শেয়ারের মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমোদন দেয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর