 |
ঢাকা: ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু এখনও আশঙ্কামুক্ত নন। পুরোপুরি সুস্থ হতে আরো খানিকটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) কার্ডিওলজিস্ট আবদুল্লাহ- আল জামিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত সিসিইউ ইউনিটে থাকলেও তাকে আইসিইউ ইউনিটে স্থানান্তর করা হতে পারে। এ বিষয়ে বুধবার রাতে স্কয়ার হাসপাতালের বেশ কয়েকজন কার্ডিওলজিস্ট মিলে একটা মেডিকেল বোর্ড গঠন করা হবে। তারপর আইয়ুব বাচ্চুর চিকিৎসা প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কার্ডিওলজিস্ট আবদুল্লাহ- আল জামিল বাংলানিউজকে বলেন, ‘‘বর্তমানে তার অবস্থার একটু উন্নতি ঘটলেও এখনও তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত নন। আমরা মেডিকেল বোর্ড গঠনের পর তার চিকিৎসাসেবা দেবো এবং আরো কিছু টেস্ট হাতে পেলে আমরা সবকিছু জানাতে পারবো। তবে তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।’’
আর এলআরবির ব্যবস্থাপক শামীম বলেছেন, ‘‘আপাতত আমরা কয়েক মাস কোনো কনসার্ট করবো না। বাচ্চু ভাই নিজেও কনসার্টগুলো বাতিলের জন্য সবার কাছে দু:খ প্রকাশ করেছেন। তবে আমরা সবার কাছে বাচ্চু ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করছি।’’
এদিকে আইয়ুব বাচ্চুর অসুস্থ হওয়ার খবরটি পৌঁছানোয় সংগীতাঙ্গন ও মিডিয়া সংশ্লিষ্টদের মধ্যে তাকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠার। আইয়ুব বাচ্চুর অগণিত ভক্ত-শিষ্য-শুভাকাঙ্খী নিজ নিজ ফেসবুক স্ট্যাটাসে তার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। অনেকে আবার তাকে দেখার জন্য হাসপাতালে ভীড় জমিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে হঠাৎ করে অসুস্থ বোধ করায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় আইয়ুব বাচ্চুকে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
এমকে/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com