ঢাকা: চীনের পুঁজিবাজারে ৫শ’ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কাতার। এ লক্ষ্যে চীনের কোয়ালিফাইড ফরেন ইন্সটিটিউশনাল ইনভেস্টর (কিউএফআইআই) কর্মসূচির আওতায় তারা লাইসেন্সের জন্য আবেদন করছে বলে জানিয়েছে।
চীনা রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, কাতার একসাথে ৫শ’ কোটি ডলার বিনিয়োগের কোটা চাচ্ছে যা আগের তুলনায় পাঁচগুণ বেশি।
চীন সরকার দেশে বিদেশি বিনিয়োগের বিধি নিষেধ শিথিল করার ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় কাতারের পক্ষ থেকে এতো বিশাল পরিমাণের অর্থ বিনিয়োগের প্রস্তাব এল।
এ ব্যাপারে চীনের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (সিএসআরসি) জানিয়েছে, কাতারকে তাদের আবেদন প্রক্রিয়া যতো দ্রুত সম্ভব সম্পন্ন করতে এবং বিনিয়োগ কোটা পেতে তারা সহায়তা করবে। লাইসেন্স পেতে সহায়তা করবে।
উল্লেখ্য, চীনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বড় সরবরাহকারী দেশ কাতার। উপসাগরীয় এ দেশটি থেকে বেইজিং বছরে গড়ে ৫০ লাখ টন এলএনজি আমদানি করে।
এছাড়া, শিল্পখাতে ব্যাপক উন্নয়নের ফলে চীনের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এ আমদানি সামনে আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
আর চীনে এলএনজি রপ্তানি করে যে আয় হচ্ছে সে অর্থই এখন দেশটির পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন কাতারের জ্বালানি ও শিল্প মন্ত্রী মোহাম্মদ বিন সালেহ আল সাদা।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ২৫, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর