 |
ঢাকা: হলিউডের সাম্প্রতিক ব্লকবাস্টার ‘স্কাইফল’ আসছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। গেল ৮ নভেম্বর যে ছবিটি মুক্তি পেয়েছিল আমেরিকায় ঢাকায় তার মুক্তি মিলবে ২৯ নভেম্বর বৃহ:স্পতিবার।
নানান রকমের গোয়েন্দা কাহিনী নিয়ে তৈরি ‘বন্ড সিরিজ’ বিশ্বচলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নাম। এই সিরিজের ছবিগুলো দর্শক-প্রিয়তার শীর্ষে রয়েছে দীর্ঘদিন ধরে।
১৯৬২ সালে ড. নো-এর হাত ধরে যে বন্ডের যাত্রা শুরু হয়েছিল ২০১২ তে এসে সে ৫০ বছরের এক পরিণত মানুষ।
বন্ডের এই ৫০ বছর পূর্তিতে ‘স্কাইফল’ আজ বিশ্বজুড়ে এক নতুন ক্রেজ। সেই ক্রেজে যোগ হলো বাংলাদেশের নাম। বিশ্ব-নন্দিত এই ছবিটির ‘ঢাকা প্রিমিয়ার’ দেশের বন্ড-ভক্ত মানুষগুলোকে নিয়ে এলো বিশ্বের আর সব বন্ড-প্রেমিদের সারিতে।
বৃহ:স্পতিবার সন্ধ্যায় সিনেপ্লেক্সের অনুষ্ঠানে থাকবে রেড কার্পেট, ফ্যাশন শো, বন্ডের থিম মউজিক পরিবেশনা আর অবশ্যই ছবিটির প্রদর্শনী।
দেশের খ্যাতমান তারকাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে অনুষ্ঠানের লাল গালিচা, সেরা মডেলদের পদচারণায় দৃষ্টিনন্দন হয়ে উঠবে ফ্যাশন শো। আর সবশেষে, আমন্ত্রিত অতিথীদের জন্য ছবির প্রদর্শনী।
পরদিন, শুক্রবার ‘স্কাইফলের’ প্রদর্শনী হবে সকাল ১১:১৫, দুপুর ২:০০টা এবং বিকাল ৪:৪৫টায়। শনিবার থেকে এর সাথে যোগ হবে সন্ধ্যা ৭:৩০টার শো।
স্যাম মেনদেজ পরিচালিত ‘স্কাইফলে’ বন্ডের চরিত্রে অভিনয় করেছেন দানিয়েল ক্রেইগ। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্স-এর একটি আক্রমনের তদন্তে নেমেছে ক্রেইগ। ভাড়াটে গুণ্ডা পেট্রিসকে তারা করছে বন্ড এবং ইভ। তারপরের ঘটনাগুলো দেখা যাবে ছবিটিতে।
২০১১ সালে শুরু হ্ওয়া ছবিটির শুটিং হয়েছিল ব্রিটেন, চীন এবং তুরস্কে। প্রায় ২০০ মিলিয়নের এই ছবিটি ইতিমধ্যে আয় করেছে ৮০০ মিলিয়ন ডলারের কাছাকাছি। আর চলচ্চিত্র-সমালোচকদের কাছে থেকে পেয়েছে ইতিবাচক আলোচনা।
বাংলাদেশ সময় : ১৩১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
গোরা