ঢাকা: রেকর্ড ডেট থাকার কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন বৃহস্পতিবার স্থগিত থাকার পর আগামী রোববার আবার স্বাভাবিক লেনদেন শুরু হবে। কোম্পানি দুটি হলো- এইচআর টেক্সটাইল এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানি দু’টির শেয়ার গত ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি (তিন কার্যদিবস) পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হয়।
এইচআর টেক্সটাইল: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এইচআর টেক্সটাইল কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছেন।
কোম্পানিটি আরও জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরে এইচআর টেক্সটাইল কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ০৮ টাকা, মোট সম্পদমূল্য (এনএভি) ১৪ দশমিক ৯২ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) ৩ দশমিক ০০ টাকা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: গত ২২ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির ২:১ হারে রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে।
কোম্পানিটি বাজারে ১ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার ৮০০টি রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে ১৮ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার টাকা উত্তোলন করবে।
কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৯৩ টাকা।
প্রতিষ্ঠানটির রাইট শেয়ারের সাবস্ক্রিপশন আগামী ১০ মার্চ শুরু হয়ে চলবে ২৫ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর; এনএস