 |
ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান এমপি বলেছেন, তাদের জীবনই উন্নত, যারা মানবকল্যাণে জীবন উৎসর্গ করেন। আর এ কাজে সর্বাগ্রে এগিয়ে এসেছেন দেশের মেধাবী সন্তানেরা। এই উদ্দেশ্য নিয়ে একদল তরুণ মেধাবী শুরু করেছেন মানবকল্যাণমুখী কাজ ‘সন্ধানী’।
প্রতিমন্ত্রী শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিলন অডিটোরিয়ামে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট আয়োজিত ৩১তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, মানুষ জীবনে একবারই জন্মগ্রহণ করে। আর এই জীবন মানবকল্যাণে এগিয়ে আসার মাধ্যমে অমরত্ব লাভ করে।
মেধাবী চিকিৎসকদের দেশের উন্নয়ন ও সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সন্ধানীর সঙ্গে যারা জড়িত তারা সাধারণ চিকিৎসকদের মতো নন। তারা মানবসেবায় নিজেদের নিয়োগ করেন। সেবাই তাদের ব্রত। সন্ধানী এ পর্যন্ত অনেক সুনামসহ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জন করেছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইমুম আরাফাত পান্থের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মনিলাল লিপু আইচ, সংগঠনের ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি আশফাক আলম শুভ, দীপঙ্কর কুমার দাশ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
এমআইএস/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর