 |
ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ ছবিটির শুটিং শেষ হয়েছে গত মাসে। এখন ছবিটির পোষ্ট প্রডাকশনের কাজ চলছে। মারুফ, আনিসুর রহমান মিলন ও ববি অভিনীত এই ছবির গান বেশ আগে থেকেই রেডিও ফূর্তিতে প্রচার শুরু হয়েছিল। সম্প্রতি এশিয়ান টিভিতেও নিয়মিত ছবিটির গান প্রচার হচ্ছে।
তবে শ্রোতাদের জন্য নতুন খবর হলো এবার ১২.১২.১২ তে ছবিটির অডিও অ্যালবাম মুক্তি পাচ্ছে। জি সিরিজের ব্যানারে ১২ ডিসেম্বরের পর থেকে সারাদেশে অ্যালবামটি পাওয়া যাবে।
সঙ্গীত পরিচালক ও ছবির প্রযোজক অদিত বলেন, ‘এত দিন যারা বাংলা সিনেমার গান ভালো হচ্ছেনা বলে ক্ষোভ প্রকাশ করে আসছেন তাঁরা ‘দেহরক্ষী’র গান শুনে তৃপ্তি পাবেন। আমি প্রত্যেকটি গানের পেছনে প্রচুর সময় দিয়েছি। মিউজিকের জন্য বোম্বেও গিয়েছি। সেখানকার সুরেশ যাদব, রাজ সোডার মত মিউজিশিয়ানরা আমার সঙ্গে কাজ করেছেন। আমি একই সঙ্গে মেলোডি, রক, সুফি এবং বাজু-এর সংমিশ্রন রেখেছি। আশা করছি চেষ্টাটা সকলের ভালো লাগবে।’
দেহরক্ষীতে গান রয়েছে মোট পাঁচটি। ‘ভালোবাসি তোমায়’, মানে না মন’, ‘জাদু’, ‘তোরে খুঁজি’ ও ‘সোহানা’ শিরোনামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দোলা, ন্যান্সি, কনা, পারভেজ, শোয়েব ও অদিত নিজে। গানগুলো লিখেছেন সোহেল আরমান, আবদার রহমান ও সুদীপ কুমার দীপ।
বাংলাদেশ সময় : ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১২
এমকে/ জিআর