যে বাঙালি বড় হয়েছে কলকাতায়, তার মনের মধ্যে সব সময়েই থেকে যায় ধুলো, ধোঁওয়া, যানজট, মিছিলের এই ব্যস্ত শহর! কলকাতা কি বাঙালির পিছু ছাড়ে? আর সেই সবকিছু নিয়েই মনের মধ্যে বাজতে থাকে কলকাতার খাস থিম গান।
সেই গান একেবারে মানুষটির নিজস্ব, যেভাবে সে দেখেছে কলকাতাকে, যেভাবে সে পেয়েছে কলকাতাকে- ঠিক সেভাবেই। বহুদিন হল কলকাতা ছেড়ে গিয়েছেন কুমার শানু; তবু তিনিও এবারের পুজোয় ফিরছেন কলকাতার কাছে।
তা, শানু কি মুম্বইয়ের পাট চুকিয়ে পাকাপাকিভাবেই চলে আসছেন প্রিয় এই শহরে? না, ব্যাপারটা ঠিক তা নয়। শানু ফিরছেন সেই কলকাতায়, যা তাঁর মনের মধ্যে অবিরত তৈরি করে চলেছে সুর-সিম্ফনি। সেই সুর নিয়েই তাঁর কলকাতায় আসা! আর উপলক্ষ্যটা আর কিছুই নয়; বাঙালির পেটেন্ট দুর্গোৎসব। এবারের পুজোয় তাই শানুকে পাওয়া যাবে মণ্ডপে মণ্ডপে; গানে গানে। তবে সশরীরে নয়; তাও বলাই বাহুল্য।
আসলে পুজো মানেই যেমন শপিং করার ধুম; তেমনই তো পুজো মানেই নতুন গানের অ্যালবাম! এ তো বাঙালির চিরন্তন ঐতিহ্য। এই তালিকায় শানুর মতো প্রথিতযশা শিল্পী থাকবেন না, তাও কি হয়?
সেই মতো কুমার শানু সম্প্রতি কলকাতার একটি বিখ্যাত শপিং মল-এ এ প্রকাশ করলেন তাঁর এবারের গানের ডালি `আমার কলকাতা` অ্যালবামটি|
এসবের পাশাপাশি গায়ক জানাতে ভুললেন না যে, কলকাতার প্রতি ভালবাসার কারনেই তিনি তাঁর গানের অ্যালবামের নাম ঠিক করেছেন `আমার কলকাতা`। গানের মাঝেই শ্রোতারা খুঁজে পাবেন শানু এবং সব বাঙালির কলকাতা প্রেমের সাদৃশ্য| হাজার ব্যস্ততার কারণে রুহ মিউজিক থেকে লঞ্চ হওয়া অ্যালবামটিতে শানুর গানের পাশাপাশিই থাকছে আপকামিং গায়িকা তনুশ্রীর কয়েকটি গানও| যা কি না আদতে সমানে সমানে সঙ্গত করেছে শানুর গায়কির সঙ্গে।
তো, অ্যালবামের ৯টি ফাটাফাটি গানের মধ্যে কুমার শানু গেয়েছেন ৪টি মনমাতানো গান, ৫টি তনুশ্রীর| কুমার শানু মানেই যেমন মনে ভিড় করে আসে `তুঝে দেখা তো ইয়ে জানা সনম`, `এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা` মতো অঢেল হিট গানের কথা, সেখানে এই অ্যালবামটি সেই স্রোতে যোগ করবে খাস বাংলার স্বাদ।
তবে তা শানু-মেজাজের বাইরে নয়, এবছরের নতুন অ্যালবামটির `আমার কলকাতা`, `এসেছে এই সন্ধ্যে`-র মতো কয়েকটা হালফিলের মিষ্টি ভাললাগার গান সহজেই মন জয় করবে শ্রোতার। খুব শীঘ্রই যে এই গানগুলো শানুর সেরা গানের সম্ভারে যোগ দেবে- তা নিয়ে সন্দেহ নেই কারও| আর কুমার শানুর পাশাপাশি তনুশ্রী গীত গানগুলির মধ্যে অন্যতম হল, `না না না`, `সাগরে ঝিনুক` ইত্যাদি।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩,২০১২
এমকে