 |
| ছবি: আশিক/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: নির্দলীয় সরকারের প্রধান নিয়ে বিএনপিরও নিজস্ব মত রয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ সরকারের প্রতি এ বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ সংসদ নির্বাচনে চলমান রাজনৈতিক পরিবেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নিদর্লীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির কোনো বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে হান্নান শাহ বলেন, ‘‘তত্ত্বাবধায়ক সরকারের নাম নিয়ে অসুবিধা থাকলে আলোচনায় আসুন। প্রধান উপদেষ্টা নিয়ে আপনাদের মত থাকলে আমাদেরও আছে। তাই আলোচনায় বসুন।’’
এ বিষয়ে আর কোনো রকম ‘একগুঁয়েমি’ বা ‘গোয়ার্তুমি’ না করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
হান্নান শাহ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিলম্ব পদত্যাগ দুর্নীতির প্রমাণ বিলোপের জন্য বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, কার্পেটের নিচের ময়লা লুকাতেই ১০ মাস সময় লাগিয়ে পদত্যাগ করেছেন আবুল। এখনো তার পদত্যাগপত্র গৃহীত হয়নি কেন তা নিয়েও প্রশ্ন তোলেন হান্নান।
হান্নান শাহ বলেন, ‘‘বেশ কয়েকজন মন্ত্রী ইতিমধ্যেই মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ বানিয়েছেন। আমি নাম বলতে চাই না। আরেকজন মন্ত্রী সিঙ্গাপুরে বাড়ি কিনেছেন।’’ কিন্তু দেশ থেকে বিদেশে গিয়ে এ পর্যন্ত কেউ রক্ষা পাননি বলে মন্তব্য করেন তিনি।
বিশ্বব্যাংকের নাম করে পদ্মাসেতুর জন্য ভূমি অধিগ্রহণে সরকারের লোকেরা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও হান্নান শাহ অভিযোগ করেন। তিনি বলেন, ‘‘এ ব্যাপারে সরকার যদি প্রমাণ চায়, তা দিতেও আমি প্রস্তুত।’’
সাবেক সচিব সৈয়দ মারগুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালকুদার দুলু, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এসকেএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর