 |
বিয়ানীবাজার (সিলেট): বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রবাসীরা।
জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা প্রবাসীদের এ আর্থিক অনুদান পেয়ে ভীষণ খুশি।
মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে প্রবাসী দুই ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মো. জয়নাল আবেদীন মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণের জন্য নগদ দেড় লাখ টাকা অনুদান দেন।
অপর সংবর্ধিত ব্যক্তি বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতি সমিতি যুক্তরাষ্ট্র, ইনকর্পোরেটের সভাপতি আজিমুর রহমান বুরহান ৫০ হাজার টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আতাউর রহমান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আলী আহমদ।
এ সময় আলী আহমদ বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কাছে আমরা চিরঋণী। তাঁরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন বলে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি।’
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সাহায্যে যারা এগিয়ে আসেন তারা প্রকৃত দেশপ্রেমিক।’
আতাউর রহমান খান সমস্ত মুক্তিযোদ্ধা ও বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে প্রবাসী দানশীল এ দুই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের প্লাটুন কমান্ডার মুছব্বির আলী, সুবেদার (অব.) মঞ্জুর আলী, রাজনীতিবিদ আলহাজ নাজিম উদ্দিন, আহমদ হোসেন বাবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১২