 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
নারায়ণগঞ্জ: ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে নারায়ণগঞ্জে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করতে না পারলেও পুলিশের প্রহরায় মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মিছিলে অনেকের হাতেই রাম দা, বড় ছুরিসহ দেশীয় অস্ত্র দেখা গেছে। আর বেশিরভাগ নেতাকর্মীর হাতেই ছিল মোটা লাঠিসোটা।
মঙ্গলবার সকাল ৮টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড ও সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে পৃথকভাবে এসব মিছিল বের হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টায় ফতুল্লার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের নেতৃত্বে ৫০-৬০ জন নেতাকর্মী একটি মিছিল বের করেন। মিছিলটি সাইনবোর্ড এলাকায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। ওই মিছিলে অনেকের হাতে ছিল ধারালো রাম দা, ছুরিসহ দেশীয় অস্ত্র।
অপরদিকে, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিনের নেতৃত্বে শিমরাইল মোড়ে লাঠিসোটা নিয়ে হরতাল বিরোধী মিছিল বের হয়।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
তানভীর হোসেন/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com