মাদ্রিদ: বার্সেলোনার হয়ে আগামী তিনটি ম্যাচে খেলতে পারবেন না আন্দ্রেস ইনিয়েস্তা। ডান পায়ে চোট পাওয়ায় তাকে প্রায় দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
গত মঙ্গলবার চোট নিয়েই জর্জিয়ার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন ইনিয়েস্তা ও রিয়াল মাদ্রিদের হোর্দি আলবা। খেলায় ১-০ গোলে জিতেছে স্পেন। দেশে ফেরার পর ন্যু কাম্পে ইনিয়েস্তার ডান পায়ের চোট পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, ১০ থেকে ১৫ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
বিশ্রামে থাকার জন্য বার্সার হয়ে লা লিগায় গেটাফে ও গ্রানাদার বিপক্ষে মাঠে নামতে পারবেন না ইনিয়েস্তা। এছাড়া আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্পার্তাক মস্কোর বিপক্ষে কাতালানদের উদ্বোধনী ম্যাচও দর্শক হয়ে থাকতে হবে এই মিডফিল্ডারকে।
শনিবার গেটাফের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে হোর্দি আলবা মাঠে নামবেন কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস