 |
ঢাকা: পাকিস্তানের উপজাতি অধ্যুষিত আধা-স্বায়ত্তশাসিত সীমান্ত এলাকা উত্তর ওয়াজিরিস্তানে রোববার মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে।
আগামী ১ আগস্ট আইএসআই প্রধানের ওয়াশিংটন সফরের ঘোষণার দিনই এ হামলা হল। সিআইএ প্রধান ডেভিড পেট্ট্রাউসের সঙ্গে আইএসআই প্রধান লে. জেনারেল জহির-উল-ইসলাম এইসব বিতর্কিত ড্রোন হামলা নিয়ে আলোচনার করবেন বলে ধারণা করা হচ্ছে।
জঙ্গি দমনের নামে পাকিস্তান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের এ মনুষ্যবিহীন বিমান হামলা পাক জনগণের মধ্যে মার্কিন বিরোধী মনোভাব উসকে দিচ্ছে। এ ধরনের হামলা পাকিস্তানের সর্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করে নাগরিকেরা।
কিন্তু মার্কিন কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের অভিযান এতোটাই গুরুত্বপূর্ণ যে এ মুহূর্তে তা বন্ধ করা ঠিক হবে না।
রোববারের এ হামলাটি চলতি পবিত্র রমজান মাসে দ্বিতীয় হামলা।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাটি হয়েছে আফগান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় জেলার খুশালি তুরিখেল গ্রামের একটি কম্পাউন্ডে।
সন্দেহভাজন জঙ্গি কম্পাউন্ডে ড্রোন থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে কমপক্ষে সাত জন জঙ্গি নিহত হয়েছে বলে জানান কর্মকর্তারা।
তবে এতে কোনো নেতৃস্থানীয় জঙ্গি নিহত হয়েছে কি না তা জানা যায়নি। হামলায় জঙ্গিদের কথিত কম্পাউন্ড এবং তাদের দু’টি গাড়িও ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর