চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরা এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া তিনজন হলেন চান্দগাঁও থানার দক্ষিণ মোহরার মো. সায়েম (৩২), একই এলাকার মো. ইয়াছিন (২৮) এবং মোঃ এরশাদ (২৭)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে রাবেয়া ম্যানসন নামের একটি বাসা থেকে ইয়াবা উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (স্টাফ অফিসার) এএসপি এস এম নূরুল হুদা বাংলানিউজকে বলেন, ‘সোমবার গভীর রাতে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরার রাবেয়া ম্যানসনে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মূল্যমান প্রায় সাড়ে তিন লাখ টাকা।’
এদিকে র্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছে বলে স্বীকার করেছে।
বাংলাদেশ সময়: ১৬ ৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এমবিএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর