নাটোর: ৩০ এপ্রিল হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বনপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ ৮ নেতাকর্মীর জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে নাটোরের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন।
পুলিশ জানান, হরতাল চলাকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ির সামনে থেমে থাকা কুষ্টিয়া-রংপুরগামী একটি তামাক বোঝাই ট্রাকে (ঢাকা-মেট্রো- ট- ১৪-৯৩৩৫) হরতাল সমর্থকরা আগুন দিয়ে পুড়িয়ে দেন।
এ সময় ট্রাকে থাকা নগদ ৪৫ হাজার টাকাসহ তামাক পুড়ে যায়।
হামলাকারীরা চালকের মোবাইল ফোন সেটটিও ছিনিয়ে নেয়। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয় বলে ট্রাকচালক অভিয়োগ করেন।
এ ঘটনায় চালক কোরবান আলী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ১২ মে পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ ১৩ নেতাকর্মীর নামে আদালতে দ্রুত বিচার আইনে অভিযোগপত্র দাখিল করেন।
বুধবার অভিযোগপত্রভুক্ত আসামি লুৎফর রহমান, রাজু, মোজাম্মেল, বাচ্চু, রফিক, প্রিন্স, মাসুম, সবুজসহ ৮ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে তাদের জামিন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর