খুলনা: খেলার আগের দিন দলগুলোকে খুব বেশি অনুশীলন করতে দেখা যায় না। বেশির ভাগ সময় গা গরম করে চলে যায়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খেলার আগে অনেকটা সময় ধরে ফিল্ডিংয়ে ঘাম ঝড়ালো।
৩০ অক্টোবর থেকে চালু হয়ে যাওয়া ফিল্ডিংয়ের নতুন নিয়মের সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই হয়তো ফিল্ডিং নিয়ে তাদের এত তোরজোর। ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি সংবাদ সম্মেলেন জানিয়েছেন,‘এটা অধিকতর ব্যাটসম্যান গেম হয়ে যাচ্ছে। বাইরে যখন পাঁচজন ফিল্ডার থাকতো তখন ৩০০ প্লাস রান হতো। এখন চারজন ফিল্ডার বাইরে থাকবে। স্পিনারদের জন্য আমার দুঃখ হচ্ছে। তাদেরকে অন্য উপায় খুঁজে বের করতে হবে এবং মিতব্যয়ী হতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজ দল ঢাকায় পা রেখেই বলেছিলো এবার সব ফর্মেটে অজেয় থাকতে চায়। টেস্ট সিরিজ জিতে সে পথে একধাপ এগিয়েও গিয়েছে। এখন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজেও কোন ম্যাচ হারতে চায় না। ড্যারেন স্যামি সংবাদ সম্মেলনে এসে সেটা বলেও গেলেন,‘প্রথমে আমরা সিরিজ জিততে চাই। ৫-০ হলে পূর্ণ পাঁচ পয়েন্ট পাবো। আর ৪-১ হলে এক পয়েন্ট। ৩-২ হলে র্যাঙ্কিং পয়েন্ট হারাবো। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে লক্ষ্য অর্জন করা সম্ভব।’
যদিও বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছে না ক্যারিবীয় শিবির,‘পিছিয়ে পড়লে যে কোন সময় তারা ঘুরে দাঁড়াতে পারে। সর্বশেষ টেস্টেও আট ও ১০ নম্বর ব্যাটসম্যান জুটি গড়েছে। আমরা তাদেরকে সে সুযোগ দিতে চাই না। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, আমরা বিপজ্জনক হয়ে উঠবো।’
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এসএ