 |
ওয়াসিংটন: লন্ডন অলিম্পিকের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৪-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে।
যুক্তরাষ্ট্র: ১ (গোমেজ ৪৫মি:)
ব্রাজিল: ৪ (নেইমার ১২মি:, সিলভা ২৬মি:, মার্সেলো ৫২মি: ও পাতো ৮৭মি:)
অলিম্পিক গেমসকে সামনে রেখে তরুণদের নিয়ে দল গড়েছেন ব্রাজিলের কোচ মানো মেনেজেস। কোচকে হতাশ করেননি নেইমাররা। একের পর এক জয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রকে হারানোর মাধ্যমে টানা দশ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল।
নিজেদের মাঠে ব্রাজিলের বিপক্ষে দাঁড়াতেই পারেনি যুক্তরাষ্ট্র। শুরুতে সফরকারীদের এগিয়ে দেন ফরোয়ার্ড নেইমার। ১১ মিনিটে স্বাগতিক ডিফেন্ডার ওগুচি ওনিবুর হাতে বল লাগার জন্য পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে গোল করেন সান্তোস তারকা।
২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থিয়াগো সিলভা। বলের যোগানদাতা ছিলেন নেইমার। বিরতিতে যাওয়ার আগে একটি গোল শোধ করে যুক্তরাষ্ট্র। গোল করেন গোমেজ।
বিরতির পর আবারও এগিয়ে যায় মেনেজেসের শিষ্যরা। নেইমারের পাস থেকে ৫২ মিনিটে ব্যবধান বাড়ান (৩-১) ডিফেন্ডার মার্সেলো। ৮৭ মিনিটে স্বাগতিকদের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকেন বদলি ফরোয়ার্ড পাতো।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর