 |
| ছবি:রুবেল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা ও কাশিমপুর কারা ফটক থেকে: দিনভর নানামুখী নাটকীয়তা শেষে ১৮ দলীয় জোটের ৪ এমপি এমকে আনোয়ার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কর্নেল (অব.) অলি আহমদ ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে মুক্তি দেওয়া হয়েছে। তবে ধানমণ্ডি থানায় দায়ের হওয়া আগের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠেকিয়ে দেওয়া হয়েছে বিএনপির এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তি।
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপির দুই এমপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে মুক্তি দেওয়া হয় সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে। এর সোয়া এক ঘণ্টার পর কাশিমপুর কারাগার থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে মুক্তি দেওয়া হয়।
তবে তার আগেই ধানমণ্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয় অ্যানীকে।
সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে বেরিয়ে আসেন এমকে আনোয়ার। তারপর ব্যারিস্টার খোকন বেরিয়ে আসেন। উপস্থিত নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নানা স্লোগানে কারা ফটক এলাকা মুখরিত করে তোলেন সমবেত নেতা-কর্মীরা।
এ সময় সংরক্ষিত আসনের এমপি আশিফা আশরাফী পাপিয়াকেও স্লোগান দিতে দেখা গেছে।
এদিকে বিএনপি নেতা-কর্মীরা সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে করতে অস্থির হয়ে ওঠেন। এক পর্যায়ে কারারক্ষীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। নিজেদের মধ্যেও ধাক্কাধাক্কি ও ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন তারা।
এম কে আনোয়ারের নির্বাচনী এলাকা কুমিল্লার হোমনা, তিতাস, কুমিল্লা জেলা উত্তর থেকে আসা দু’শতাধিক নেতা-কর্মী সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করে ছড়িয়ে নানা দিকে ছিটিয়ে পড়েন। ৫টার পর আবার কারাফটকে ভিড় জমান তারা।
এ সময় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক খন্দকার মালেক নেতা-কর্মীদের শান্ত থাকার আহবান জানান।
ওদিকে কাশিমপুর কারাগার থেকে অলি ও পার্থকে মুক্তি দেওয়া হয় সন্ধ্যা পৌনে আটটার দিকে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন।
এছাড়া অলি নিতে তার দলের কার্যকরি সভাপতি ড. রেদোয়ান আহমেদ এবং পার্থকে নিতে তার ছোট ভাই আশিকুর রহমান শান্ত কারা ফটকে আসেন।
এখানেও নেতা-কর্মীরা অলি- পার্থকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অতিরিক্ত লোক সমাগমের কারণে এখানেও কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মে ২৮, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর