 |
ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের ৯০তম জন্মদিন আজ। ৫৪ বছরের অভিনয় জীবনে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এনটিআর অ্যাওয়ার্ড ও ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার তার ঘরে। ৯০ তম জন্মদিনে নিজের শৈশব ও ক্যারিয়ারের নানা স্মৃতিকথা বলেছেন টাইমস অব ইন্ডিয়ার একটি সাক্ষাৎরে।
সাক্ষাৎকারটি বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো:
আজ ৯০ বছরে পা দিলেন, অনুভূতি কেমন?
মানুষ তার বয়সটা যেমন মনে করে, মনে সেই বয়সেরই প্রভাব পড়ে বলে আমি মনে করি। আমি এখনও অনেক ভালো এবং সুস্থ আছি। বিধাতার কাছে আমি শুকরিয়া আদায় করি। কারণ, এখনো আমি আমার পছন্দমত খাবার খেতে পারি, কারো সহযোগিতা ছাড়া চলতে পারি।
কোন বছরটা অাপনার জীবনের সেরা বছর বলে মনে করেন?
অবশ্যই আমার শৈশবের দিনগুলো। আমি ছোটবেলায় আমার মা, খালার কাছ থেকে অনেক মজার গল্প শুনতাম। সেইসব স্মৃতি এখনো আমার চারপাশে খেলা করে। দিনগুলি অনেক মজার ছিল।
আপনি যদি আবার অভিনয় শুরু করেন, সর্বপ্রথম কোন বিষয়টিকে গুরুত্ব দিবেন?

যে পাণ্ডুলিপি আমার পছন্দ হবে না, অবশ্যই সেটার কাজ আমি করব না। সেটা হোক ইতিহাসভিত্তিক বা হাসির কোনো গল্প। আমি যা করতে পছন্দ করি, সেসব কাজই আমি নির্বাচন করবো। কারণ, একজন অভিনেতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, দর্শকরা আমার করা কোন কাজটি পছন্দ করবে এবং উৎসাহ দিবে।
অমিতাভ বচ্চনের সঙ্গে আপনি নিজেকে একজন অভিনেতা হিসেবে কীভাবে তুলনা করবেন?
অমিতাভের সঙ্গে আমার সম্পর্ক বা চেনাজানা অনেক আগে থেকে। আমার সঙ্গে বরারবই যোগাযোগ রেখে এসেছে অমিতাভ। সে সবসময় শ্রদ্ধার নিয়ে কথা বলে। ১৯৮২ সালের শক্তি ছবিটি দেখার পর মনে হয়েছিল যে, সে একজন রাইজিং স্টার। আর আমার সঙ্গে তুলনার কিছু নেই। আমরা বন্ধু না হলেও আমাদের মধ্যে একটি পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। অামরা নিজেদের মধ্যে সবকিছুই শেয়ার করি।
আপনাকে তো হলিউডের লরেন্স অব অ্যারাবিয়া (১৯৬২) ছবিতে অভিনয়ের জন্য অফার করা হয়েছিল...
আমি সেসময় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটাই আসলে সঠিক বলে মনে হয়েছিল আমার কাছে। এ ছবির প্রস্তাব আসার পর আমি অনেক ভেবে দেখেছিলাম যে, আমার নিজেকে প্রমাণ করার জন্য হলিউডে যাওয়ার প্রয়োজন নেই।
প্রতি বছর ১১ ডিসেম্বর মুম্বাইয়ে পালিহিলের নার্গিস দত্ত রোডের ৩৪/বি বাংলোটির সামনে দিনব্যাপী চলে তাঁর জন্মোত্সব। ওই দিন সবার জন্যই খোলা থাকে বাংলোর দরজা। সকাল কাটে ভক্তদের ভিড়ে আর রাত উদযাপিত হয় বলিউড তারকাদের সঙ্গে। এভাবেই নিজের জন্মদিন উদযাপন করেন বলিউড কিংবদন্তি দিলীপ কুমার।
কিন্তু, জন্মভিটে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দিলীপ কুমারের ৯০তম জন্মদিন পালন করা হবে আজ। এ উপলক্ষে প্রদেশটির কালচারাল হেরিটেজ কাউন্সিল আজ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, আইনজীবী, শান্তিবাদীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্র: দি টাইমস অব ইন্ডিয়া
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর