 |
বান্দরবান: বান্দরবানের ১৬তম রাজা হিসেবে দায়িত্ব গ্রহণের বার্তা পেয়েছেন কেসান প্রু (কেএসপ্রু)।
আর এ উপলক্ষে বুধবার বান্দরবান জেলায় রাজাকে সংবর্ধনা দিয়ে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বান্দরবান বোমাং সার্কেল চিফ হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য চিঠি দিয়ে কেএসপ্রুকে জানানো হয়েছে।
তবে তিনি শপথগ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ অন্য যে কোনোদিন।
রাজ পরিবারের তথ্য মতে, বোমাং রাজা অং শৈ প্রুর মৃত্যুর পর প্রচলিত নিয়ম অনুযায়ী, বোমাং রাজপরিবারের পক্ষ থেকে ক্রম সিনিয়র সদস্যদের একটি তালিকা জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়।
বান্দরবান জেলা প্রশাসক এ কে এম তারিকুল ইসলাম এ তালিকা যাচাই-বাছাই করে পরবর্তী রাজা নিয়োগের জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কাছে একটি প্যানেল প্রস্তাব পাঠান।
এ প্রস্তাব বিভাগীয় কমিশনার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।
পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজা নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বুধবার ঢাকায় অবস্থানরত রাজা বান্দরবানে ফেরার কারণে শহরের ‘বঙ্গবন্ধু মঞ্চে’ সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।
এ উপলক্ষে চট্টগ্রামের কেরানীহাট থেকে বান্দরবান শহর পর্যন্ত ২৫টি তোরণ নির্মাণ করা হয়েছে। রাজবাড়ীতে আয়োজন করা হবে মহামিলনের।
এ ব্যাপারে রাজকন্যা ডনাই প্রু নেলী বাংলানিউজকে বলেন, “দায়িত্ব গ্রহণের চিঠি আমাদের পাঠানো হয়েছে। অনুলিপি জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।”
আরও জানা গেছে, বোমাং রাজপরিবারের রীতি অনুযায়ী, রাজার ছেলে হলেই রাজা হওয়া যায় না। বিশাল রাজপরিবারের মধ্যে সবচেয়ে সিনিয়র এবং গ্রহণযোগ্য সদস্যকে রাজা নিয়োগ করেন সরকার।
১৭২৭ সাল থেকে বান্দরবান বোমাং রাজার ইতিহাস শুরু।
মারমা, ¤্রাে, লুসাই, ত্রিপুরা, বম, খুমি, চাকমাসহ ১১টি আদিবাসী সম্প্রদায় আর প্রায় ১৭৬৪ বর্গমাইল এলাকা ও ১০৯টি মৌজা নিয়ে পার্বত্য জেলার বান্দরবান বোমাং সার্কেল গঠিত।
৩ পার্বত্য জেলায় এখনও বোমাং রাজা, চাকমা রাজা ও মং রাজাদের ব্যাপক প্রভাব রয়েছে।
প্রতিবছরের শুরুতে প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করার জন্য অনুষ্ঠানের মাধ্যমে রাজা রাজকর আদায় করে থাকেন।
বোমাং রাজপুত্র রয়েল এক এসএমএস বার্তায় জানিয়েছেন, নতুন রাজার দায়িত্ব গ্রহণ উপলক্ষে রাজবাড়িতে সর্বজনীন মহামিলনের আয়োজন করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট সকালে পাহাড়ের প্রবীণ ১৫তম রাজা অং শৈ প্রু চৌধুরী নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর পর নতুন রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন কেএসপ্রু।
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর