ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে আত্মঘাতী হামলায় তিন জন ন্যাটো সেনা নিহত হয়েছে। হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, এ হামলায় একজন বেসামরিক আহত হয়েছে।
বুধবারের এ হামলার দায়িত্ব স্বীকার করেছে আফগান তালেবান।
আফগানিস্তানে নিয়োজিত ন্যাটোর যৌথ বাহিনী ইসাফ তাদের তিন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে, নিহতরা কোন দেশের নাগরিক সে ব্যাপারে কোন তথ্য দেয়নি তারা।
প্রাদেশিক রাজধানী আসাদাবাদের একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, শহরের গভর্নর কম্পাউন্ডের কাছে মার্কিন সেনাদের লক্ষ্য করে দু’টি আত্মঘাতী হামলা হয়।
পুলিশ জানিয়েছে, ন্যাটো সেনারা ঘাঁটি থেকে হেঁটে বাইরে যাচ্ছিল এমন সময় হামলাটি হয়।
আফগানিস্তানে গত পাঁচ বছরের মধ্যে এবারই বেসামরিক হতাহতের ঘটনা সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে- যুক্তরাষ্ট্রের এমন তথ্য-উপাত্ত প্রকাশের পরেই এ হামলা হল।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্র দাবি করেছে, গত বছরের একই সময়ের তুলনায় ২০১২ সালের প্রথম অর্ধাংশে হতাহতের সংখ্যা ১৫ শতাংশ কমে গেছে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর