 |
| ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ২০১২ সালের তৃতীয় প্রান্তিকে ৬৬ কোটি টাকা লোকসান দিয়েছে। তারা ১০ হাজার ১৪৬ মিলিয়ন টাকা রাজস্ব আয় করেছে। তবে করারোপের কারণে রবি’র তৃতীয় প্রান্তিকের আর্থিক বিষয়াদির ওপর প্রবলভাবে প্রভাবিত হয়েছে।
তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের লক্ষ্যে রবি’র করপোরেট অফিসে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে রবি’র চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “ তৃতীয় প্রান্তিকে আমাদের রাজস্ব প্রবৃদ্ধিতে অবদান রেখেছেন নতুন গ্রাহকেরা। সুদ, কর, অবচয় এবং অ্যামোরটাইজেশনের পূর্বের আয়ে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে করারোপ।”
তিনি বলেন, “রবি বছরের পর বছর ধরে জাতীয় রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং দেশের মোবাইল টেলিকম শিল্পের উন্নতিতেও রাখছে সরাসরি অবদান। ২০০৬ সাল থেকে আমরা আমাদের শেয়ারহোল্ডারদের, এই বিনিয়োগের বিপরীতে তেমন কিছু ফিরিয়ে দিতে পারিনি।”
২০১১ সালের একই সময়ের তুলনায় রাজস্ব আয় বেড়েছে শতকরা ২৯.৭ ভাগ এবং এই বছরের গত প্রান্তিকের (২য় প্রান্তিক ২০১২) তুলনায় বেড়েছে শতকরা ৫.৪ ভাগ।
রবি কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে ১৬ লাখ গ্রাহক যোগ হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ৩৬ ভাগ বেশি। তৃতীয় প্রান্তিকে রবি ২ কোটি গ্রাহক সংখ্যা অতিক্রম করে।
সংবাদ সম্মেলনে রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাইকেল ক্যুনার, চিফ ফিনান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, চিফ মার্কেটিং অফিসার প্রদীপ শ্রীভাস্তব, প্রধান মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ সহ রবি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবি এই প্রান্তিকে নেটওয়ার্ক/বিটিএস স্থাপন, দক্ষতা ও কাভারেজ বাড়িয়েছে। রবি’র ভৌগলিক কাভারেজ বেড়ে এখন দাঁড়িয়েছে ৮৯ শতাংশে। এর আওতায় এসেছে দেশের মোট জনসংখ্যার শতকরা ৯৮.৭ শতাংশ মানুষ। ২০১২ সালের তৃতীয় প্রান্তিকে নতুনভাবে সংযোজিত ২০৩টি বিটিএসসহ এখন রবি’র মোট বিটিএস সংখ্যা ৮,৫৯৫টি।
এছাড়াও কোম্পানিটি তৃতীয় প্রান্তিকে নতুন কিছু ভ্যালু অ্যাডেড সার্ভিস গ্রাহকদের উপহার দিয়েছে, যেমন বিমা-লাইফ ইন্স্যুরেন্স: দেশে প্রথমবারের মতো রবি’র সকল প্রিপেইড গ্রাহকদের জন্য বিনামূল্যে লাইফ ইন্স্যুরেন্স, রবি রাডার: এসএমএস নির্ভর ফেসবুক চেক ইন সেবা, বিভিন্ন ইসলামিক সেবা প্রভৃতি। এছাড়াও রবি এই প্রান্তিকে শতকরা ২৫০ ভাগ রিচার্জ বোনাস, ১০ সেকেন্ড পালস, লো ফ্ল্যাট রেট প্যাকেজ অফার করেছে।
মনুষ্য উৎকর্ষ সাধনকে রবি সবসময়ই প্রাধান্য দিয়ে থাকে। কোম্পানিটি মেধাবী কর্মী তৈরিতে বিশেষ মনোযোগী। তাই চাকরিদাতা প্রতিষ্ঠান হিসেবে দেশ সেরাদের বছরের পর বছর ধরে আকর্ষণে সক্ষম হয়েছে রবি।
করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রবি শিশুদের মুগুর পা সম্পর্কে জনসচেতনতা তৈরির পাশাপাশি চিকিৎসাও দিয়েছে। এরই মধ্যে ১০৯ শিশুর ১৬২টি পায়ে বিনামূল্যে এই চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া দেশের সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে রবি’র কর্মকর্তাদের মাধ্যমে মৌলিক কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে ঐ এলাকাগুলোতে আইটি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে রবি।
মাধ্যমিক স্কুলগুলোতে ইংরেজি শিক্ষা কার্যক্রমও অব্যাহত রেখেছে রবি। এরই মধ্যে ২৩০টি স্কুলে ১৬ হাজার শিক্ষার্থীদের নিয়ে ৭৭টি ল্যাংগুয়েজ ফেয়ার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা,নভেম্বর ২৯,২০১২
আইএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর