গাজীপুর: নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল থেকে ঘরে বসে দলীয় সাংগঠনিক কাজ করেছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।
বৃহস্পতিবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের দরদরিয়ায় সিমিন হোসেন রিমি বাবা ও ভাইয়ের আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বৃহস্পতিবার।
গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান আরিফ বাংলানিউজকে জানান, বেলা ১টার দিকে রিমি ঢাকা থেকে সরাসরি নিজ বাড়িতে আসেন। বাড়িতে বসে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। বৈঠকে নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোর ভাবে মেনে চলার জন্য অনুরোধ জানান রিমি।
এ সময় সাবেক এমপি মো. শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খানসহ বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ৫টার দিকে সিমিন হোসেন রিমি ঢাকার উদ্দেশ্যে কাপাসিয়া ত্যাগ করেন বলে জানিয়েছেন আরিফ।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘন্টা, আগস্ট ৩০, ২০১২
রিপন আনসারী/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর