চট্টগ্রাম : মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলার সব আসামিকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার কল্যাণ সংস্থা।
বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা পোষণ করে ব্যানার, ফেস্টুনসহ অংশ নেন রোটাৠাক্ট ক্লাব অব চিটাগাং পতেঙ্গা, লিও ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল জুবিলি, মাদকবিরোধী সামাজিক সংগঠন শিকড়, স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থা বর্ণালী, হিউম্যান রাইটস স্টুডেন্ট কাউন্সিল, থিয়েটার অ্যান্ড আর্টস ফর লেস ফরচুনেটের (টালফ) সদস্য ও কর্মকর্তারা।
মানববন্ধন চলাকালে হিমু হত্যা মামলার অগ্রগতি ও সব আসামি গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দেন মানবাধিকার কল্যাণ সংস্থার সভাপতি মাহফুজুল হক চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট সেকান্দার চৌধুরী, ট্রেজারার মো. মাহতাব উদ্দিন চৌধুরী, মোমেনা আক্তার নয়ন, রেহানা খানম, মাতৃভূমি ফাউন্ডেশনের পরিচালক আনোয়ারুল ইসলাম বাপ্পি প্রমুখ।
গভীর উদ্বেগ প্রকাশ করে মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘বহুল আলোচিত হিমু হত্যাকাণ্ড এবং আসামিরা ধরা- ছোঁয়ার বাইরে থাকার খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এক মাসে মাত্র একজন আসামিকে টেকনাফ থেকে গ্রেফতার করা হলেও মূল আসামিরা এখনো গ্রেফতার হননি।’
হিমু হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে এমন বর্বর নির্যাতন মধ্যযুগীয় নির্যাতনকেও হার মানায়। হিংস্র কুকুর লেলিয়ে মানুষ হত্যা বাংলাদেশে এটাই প্রথম। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শুধু চট্টগ্রাম নয়, পুরো দেশ আজ সোচ্চার, ঐক্যবদ্ধ। অথচ খুনিদের পক্ষ নিয়ে কিছু কুচক্রী প্রভাবশালী মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে আসামিদের বাঁচানোর অপচেষ্টা করছে। অভিযোগপত্র (চার্জশিট) থেকে কয়েকজন আসামির নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তাই প্রশাসন নীরব। আসামিরা গ্রেফতার হচ্ছে না।
সেকান্দার চৌধুরী বলেন, দেশে আইনের শাসন সুদৃঢ় করতে হিমু হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
রেহানা খানম বলেন, ‘অর্থের কাছে আইন হেরে গেলে দেশের ভবিষ্যৎ কী হবে, তা আমাদের বোধগম্য নয়। হিমুর মায়ের বুক খালি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে আরো অনেক মায়ের বুক খালি করবে অপরাধীরা।’
সভা সঞ্চালনা করেন শিকড়ের সাধারণ সম্পাদক জাওইদ আলী চৌধুরী।
মানববন্ধন শেষে পুলিশ কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি দেন মানবাধিকার কল্যাণ সংস্থার সভাপতি মাহফুজুল হক চৌধুরী।
বাংলাদেশ সময় : ১৩৫৩ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এআরএম/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর