 |
ঢাকা: আকাশপথে যাত্রী সেবার দৃঢ়প্রত্যয় নিয়ে বুধবার আকাশে উড়তে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
বুধবার ঢাকা-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালুর মাধ্যমে আকাশপথে যাত্রা শুরু করছে নভোএয়ার। বিমান সংস্থাটি প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম রুটে চারটি, ঢাকা-কক্সবাজারে একটি, ঢাকা-যশোর রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করবে। এ মুহূর্তে ঢাকা-সিলেট ফ্লাইট চালু না করলেও শিগগিরই এই রুটে ফ্লাইট চালু করবে। পর্যায়ক্রমে বরিশাল, রাজশাহী এবং সৈয়দপুরেও যাবে নভোএয়ার।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, “ফ্লাইট চালুর এই বিশেষ মুহূর্তটির জন্য আমরা এতদিন কাজ করেছি। আজ সেই স্মরণীয় দিনটিকে সামনে রেখে খুবই ভালো লাগছে।”
তিনি বলেন, “নভোএয়ারকে একটি ব্র্যান্ড হিসেবে বিশ্বে পরিচিত করাই আমাদের লক্ষ্য।”
সংস্থাটির বহরে বর্তমানে টুইন জেট এমব্রেয়ার ইআরজে-১৪৫ মডেলের দু’টি উড়োজাহাজ রয়েছে। ৫০ আসনের উড়োজাহাজ দু’টি অভ্যন্তরীণ রুটের জন্য সবচেয়ে বেশি উপযোগী।
৯/১০ বছরের পুরনো ব্রাজিলের তৈরি এই উড়োজাহাজের প্রতিটির দাম পড়েছে ৭ মিলিয়ন মার্কিন ডলার। নভোএয়ার ব্রিটিশ এয়ারওয়েজের কাছ থেকে উড়োজাহাজ দু’টি কিনেছে।
নভোএয়ার ১২ জন বাংলাদেশি ও ৬ জন বিদেশি বৈমানিককে নিয়োগ দিয়েছে। তাদের ট্রেনিংও সম্পন্ন হয়েছে। এর মধ্যে বাংলাদেশি বৈমানিকদের বোয়িং ৭৬৭ এবং এমডি ৮৩ চালানোর অভিজ্ঞতা রয়েছে।
মফিজুর রহমান জানান, কলকাতা, কাঠমান্ডু, ইয়াঙ্গুন, বেঙ্গালুরু এবং চিয়াং মাই’র মতো গন্তব্যের জন্য টুইন জেট এমব্রেয়ার ই১৪৫ উড়োজাহাজ খুবই উপযোগী।
বর্তমানে দেশে ইউনাইটেড এয়ারওয়েজ ও রিজেন্ট এয়ারওয়েজ নামে দু’টি প্রাইভেট এয়ারলাইন্স রয়েছে। কিছুদিন আগে বন্ধ হয়ে যায় জিএমজি এয়ারলাইন্স।
বাংলাদেশ সময়: ১৮৫৩ জানুয়ারি ৮, ২০১৩
আইএইচ/এআর/জেডএম