প্যারিস: ফরাসি লিগে ঘরের মাটিতে মৌসুমের প্রথম জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ইব্রাহিমভোচি ও পাস্তোর গোলে তারা ২-০ ব্যবধানে হারিয়েছে তুলুসকে।
নিজেদের মাঠে দুর্দান্ত খেলেছে জার্মেই। ৩৮ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন হাভিয়ের পাস্তোর। মার্কো ভারাত্তির কাছ থেকে বল পেয়ে দারুণ চিপে নিশানাভেদ করেন আর্জেন্টাইন তারকা। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। জারেমি মেনেজের ঠেলে দেওয়া বলে সফরকারী গোলরক্ষক আলী আহমদকে বোকা বানান সুইডিশ ফরোয়ার্ড। বাকি সময় গোল হয়নি।
মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলার আগে জয় নিঃসন্দেহে উদ্বুদ্ধ করবে জার্মেই ফুটবলারদের। ওই দিন ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নামবে ইব্রাহিমোভিচরা।
এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠেছে জার্মেই। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার আগে অলিম্পিক মার্শেই। দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক লিওঁনাই।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস