 |
চট্টগ্রাম: সিলেট রয়্যালসের জয়ের পাল্লা ভারি, ছয় ম্যাচে একটিতে পরাজয়। এই সামান্য বর্থতা তাদের ঘাড়ে বোঝা হওয়ার নয়। বরং টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি করে তারা উড়ছে। পয়েন্ট তালিকায় সবার ওপরেও তারা।
বৃহস্পতিবার যাদের সঙ্গে সিলেটের খেলা সেই রংপুর রাইডার্সও ভালো অবস্থায়। তাদের হাতেও রয়েছে তিনটি জয়। পাঁচ ম্যাচের দুটিতে হেরেছে তারা। সিলেটের জয়ে ফেরার তাড়না তো থাকবেই। টানা পাঁচ ম্যাচ জয়ের পর বুধবারই তারা প্রথম হেরেছে ঢাকা গ্ল্যাডিয়েটরসের কাছে।
সিলেট জয়ে এগিয়ে থাকলেও রংপুর উজ্জীবিত শেষ ম্যাচ জিতে। ১২২ রানের পুঁজি নিয়েও খুলনাকে তারা হারিয়েছে ৩১ রানে। বিপিএলের ইতিহাসে সবচেয়ে ছোট স্কোরে অলআউট করেছে খুলনাকে। সিলেটের বিপক্ষে এটাও প্রেরণা হয়ে কাজ করবে রংপুরের খেলোয়াড়দের ভেতরে। তারপরও নাসির হোসেন দারুণ ফর্মে। আব্দুর রাজ্জাক সর্বাধিক উইকেট শিকারি। ফিদেল এডওয়ার্ডও গত ম্যাচে দারুণ খেলেছেন। চার উইকেট নিয়েছেন ১১ রান দিয়ে। বলতে গেলে রংপুরের বোলিং লাইনআপও শক্তিশালী।
এই দলটিকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না সিলেটের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কেন নিচ্ছেন না তার একটা ব্যাখ্যাও দিলেন,‘রংপুরের বেশ কয়েকজন ক্রিকেটার ভালো খেলছে। আর টি-টোয়েন্টিতে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়া যায় না। রংপুরকেও আমরা হালকা করে দেখছি না।’
সিলেটের একাদশে পরিবর্তন আসতে পারে। কোচ সে ইঙ্গিতও দিলেন,‘প্রতিপক্ষ অনুযায়ী আমরা একাদশ নির্বাচন করি। এই ম্যাচে যাকে খেলালে দল উপকৃত হবে তাকেই আমরা খেলাবো।’
কাছাকাছি শক্তির দল হওয়ায় একটা ভালো ম্যাচই উপভোগ করতে পারবেন দর্শকরা। খেলাটি হবে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে দুপুর দুইটায়।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
এসএ/এফএইচএম