 |
| ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: ১২৭ রানও যে কঠিন লক্ষ্য, ওয়ালটন মধ্যাঞ্চলের ব্যাটিং না দেখলে বোঝার উপায় ছিলো না। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ওই টার্গেট তাড়া করতে নেমে ১৮ রানে পাঁচ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কাই জাগিয়ে তুলেছিল মধ্যাঞ্চল। শেষপর্যন্ত পরাজয়ের হাত থেকে বাঁচাতে হ্যামিস্ট্রিংয়ের চোট নিয়েই ব্যাটিংয়ে যেতে হয় অধিনায়ক মাহমুদউল্লাহকে। এবং তাঁর ব্যাটিং দৃঢ়তায় খেলা ড্র মেনে শেষ হয়।
মাহমুদউল্লাহ‘র অপরাজিত ৫০ রানেই মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ৯৩ রান করে ম্যাচ ড্র করে। তিনি ব্যাটিংয়ে দাঁড়াতে না পারলে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) উদ্বোধনী রাউন্ডে পূর্ণ পয়েন্ট নিয়েই হয়তো মাঠ ছাড়তো দক্ষিণাঞ্চল। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের পেসার রবিউল ইসলাম পাঁচ উইকেট নিয়েছে ১৭ রানে। অল্পের জন্য হ্যাটট্রিকও মিস করেছেন ডানহাতি এই পেসার।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে ৩৪৩, আর দ্বিতীয় ইনিংসে ২১৬ রানে করে। ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ৪৩৩ রান করে ৯০ রানে এগিয়ে থাকে।
এদিকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের মধ্যকার খেলাটিও ড্র হয়েছে। ওই ম্যাচে উত্তরাঞ্চলের ৪৯৯ রানের জবাবে পূর্বাঞ্চল শেষদিন পর্যন্ত ব্যাট করে আট উইকেটে ৪১৯ রান সংগ্রহ করে। ইনিংস শেষ না হওয়ায় উভয় দল সমান পয়েন্ট পাবে।
এই ইনিংসে সেঞ্চুরি আছে ধীমান ঘোষের। হার না মানা ১০৭ রান এসেছে তার ব্যাট থেকে।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২
এসএ/এফএইচএম