 |
ঢাকা: গ্রেফতার এড়াতে অাশ্রয় নেওয়া মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে দূতাবাস ছাড়তে বলবে না ভারত।
সোমবার মালদ্বীপ সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করা হলে দূতাবাস কর্তৃপক্ষ এ কথা জানায়।
প্রসঙ্গত, বিতর্কিত পুলিশ বিদ্রোহে ক্ষমতাচ্যুত হওয়ার পর ফৌজদারি মামলায় মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে কয়েকবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন দেশটির পৃথক কয়েকটি আদালত।
এর মধ্যে জামিন নিয়ে কয়েকদিনের জন্য ভারত সফরে যান নাশিদ। কিন্তু, আদালতের বেধে দেওয়া সময় পার হয়ে যাওয়ার দু’দিন পর দেশে ফিরেন তিনি। আবার, তাঁকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হলেও ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন সাবেক এই প্রেসিডেন্ট।
মঙ্গলবার পর্যন্ত ছয় দিন বিদেশি দূতাবাসে সময় কাটাচ্ছেন নাশিদ।
নয়াদিল্লী সূত্র জানিয়েছে, “ভারত নাশিদকে দূতাবাস ছাড়তে বলছে না। কারণ, এ ব্যাপারে নাশিদ নিজেই সিদ্ধান্ত নেবেন।”
এ দিকে সোমবার মালদ্বীপের একটি আদালত বুধবার চারটার মধ্যে নাশিদকে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। এ জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন আদালত।
তবে, ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, “নাশিদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে শক্ত নিরাপত্তা বলয় অতিক্রম করতে হচ্ছে, যে কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।”
উল্লেখ্য, নাশিদের দূতাবাসে আশ্রয় নেওয়া ও তাঁকে সরকারের হাতে তুলে দেওয়া না দেওয়া নিয়ে বর্তমানে মালদ্বীপ সরকার ও ভারত সরকারের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে।
বাংলাদেশ সময় : ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com