 |
| ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: আসন্ন হজের প্রস্তুতি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।
সংবাদ সম্মেলনে হজ ফ্লাইট সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন বিমান সচিব আতাহারুল ইসলাম। বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদসহ অন্য পরিচালকেরা এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের শেষের দিকে দৈনিক যুগান্তরের সিনিয়র করেসপন্ডেন্ট মুজিব মাসুদ বলেন, বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের হয়ে উড়োজাহাজ লিজের (ইজারা) কমিশনের টোল কালেক্টর হিসেবে বিমানের পরিচালক (প্রকৌশল) আসাদুজ্জামানের নাম শোনা যায়। উড়োজাহাজ ইজারা প্রদানকারী প্রতিষ্ঠানের এজেন্টদের কাছ থেকে কমিশনের এই টোল আসাদুজ্জামানই সংগ্রহ করেন। এছাড়া তিনি বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে বিমান কর্তৃপক্ষের বক্তব্য জানতে চান মুজিব মাসুদ।
মুজিব মাসুদের এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে হঠাৎ করে বাংলানিউজের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিচালক আসাদুজ্জামান। তিনি বলেন, “এর আগে বাংলানিউজ আমাকে নিয়ে যা খুশি তাই লিখেছে। আমি নাকি উড়োজাহাজ লিজ নেওয়ার ব্যাপারে বিমানের পরিচালনা পর্ষদ সদস্যদের প্রভাবিত করেছি। আমাকে নিয়ে যখন প্রতিবেদন প্রকাশিত হয় আমি তখন বিদেশে ছিলাম। বিদেশে থেকে আমি কীভাবে পর্ষদ সদস্যদের প্রভাবিত করলাম। স্যার, (বিমানসচিবকে উদ্দেশ্য করে) আপনি বিচার করুন।”
এ সময় তিনি বাংলানিউজের প্রতিবেদককে খুঁজতে থাকেন। আসাদুজ্জামান আরো উত্তেজিত উঠে বলেন, “ওই প্রতিবেদককে আমি আমার সঙ্গে কথা বলার জন্য বলেছি। কিন্তু তিনি কথা বলেননি। তিনি প্রতিবাদলিপিও ছাপেননি। কোথায় তিনি? আমি তার কাছে জানতে চাই, কিভাবে আমি বিদেশে থেকে পর্ষদ সদস্যদের প্রভাবিত করলাম।”
বিমান সচিব আতাহারুল ইসলাম এ সময় আসাদুজ্জামানকে শান্ত করার চেষ্টা করেন। এরপরেও তিনি বারবার উত্তেজিত হয়ে উঠছিলেন। এক পর্যায়ে তাকে কিছুটা শাসনের ভঙ্গিতে থামিয়ে দিয়ে বিমানসচিব বলেন, “এগুলো নিয়ে এখানে কথা বলার দরকার নেই।”
আতাহারুল ইসলাম টোল কালেক্টর সম্পর্কে বলেন, ``টোল কালেক্টর খারাপ কিছু নয়।`` একথা বলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান।
সংবাদ সম্মেলনে বিমানসচিব বিভিন্ন গল্পের ছলে সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর এড়িয়ে যান।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১২
আইএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com