 |
পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রক্টরিয়াল বডি অপসারণ ও আট দফা দাবি আদায়ের লক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৮২ জন কর্মচারীর অনির্দিষ্টকালের কর্মবিরতি বৃহস্পতিবার তৃতীয়দিনের মতো অব্যাহত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে গত মঙ্গলবার থেকে তারা এই কর্মবিরতি পালন করছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আন্দোলনরত বিক্ষুব্ধ কর্মচারীরা পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে কর্মচারী নেতারা বলেছেন, ‘আমরা এখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক মোজাফফর আহমেদের অপসারণ চাই। তিনি পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি পালন অব্যাহত থাকবে।’
এতে করে এক প্রকার বন্ধ থাকবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, কর্মচারীদের দাবি নিয়ে একটি স্মারকলিপি গত ১৭ জুন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি’র কাছে দেওয়া হয়েছে।
এরপর ওইদিন দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান ও ১০ জন সহকারী প্রক্টর কর্মচারীদের দাবি বানচাল করার জন্য পরিকল্পিতভাবে চতুর্থ শ্রেণির কর্মচারী মাসুদ রানাসহ ৩/৪ জন কর্মচারীকে লাঞ্ছিত করেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ভিসিকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এরই প্রেক্ষিতে ১৯ জুন থেকে কর্মচারীরা প্রক্টরিয়াল বডি অপসারণ ও ৮ দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের হিসাব সহকারী এবিএম আতিকুর রহমান।
এ সময় কম্পিউটার অপারেটর জহুরুল ইসলাম প্রিন্স, সোহাগ হোসেন, হিসাব সহকারী বজলুর রহমান, অফিস সহকারী রেহেনা পারভীন, আসমা হকসহ অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর