শায়ান চৌধুরী অর্ণব, এই সময়ের গানে সুপরিচিত শিল্পী। ব্যতিক্রমী কণ্ঠে অধিকারী এ গায়ক দীর্ঘদিন ব্যান্ড দল ‘বাংলা’-এর সদস্য। ব্যান্ডটির বিভিন্ন অ্যালবামের বহু জনপ্রিয় গানে তিনি কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি তার একক গানের ক্যারিয়ারে বের হয় চারটি একক অ্যালবাম। এবার প্রকাশিত হলো অর্ণবের রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘আধেক ঘুমে’।
নতুন সঙ্গীতায়োজনে রবীন্দ্রনাথের গান নিয়ে অর্ণবের ভিন্নধর্মী অ্যালবাম ‘আধেক ঘুমে’-এর প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল গত ২২ জুন শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। রবি নিবেদিত এ অ্যালবামটি প্রকাশ করেছে আধখানা মিউজিক। পরিবেশনায় রয়েছে বেঙ্গল মিউজিক।
অর্ণব মূলত আধুনিক ও লোকসঙ্গীত গাইতে অভ্যস্ত। বিশেষ করে আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করে নতুন সঙ্গীতায়োজনে তার গাওয়া লোকগান শ্রোতাদের কাছে সমাদৃত হয়েছে। বিচ্ছিন্নভাবে অবশ্য তাকে রবীন্দ্রসঙ্গীতও গাইতে দেখা গেছে। তবে এবারই প্রথম অর্ণবের সঙ্গীতায়োজন ও কণ্ঠে গাওয়া ১৩টি গান নিয়ে প্রকাশিত হলো পূর্ণাঙ্গ রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘আধেক ঘুমে’।
অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রবির ভারপ্রাপ্ত সিইও মতিউল ইসলাম নওশাদ, বেঙ্গল মিউজিকের ডিরেক্টর জিনাত চৌধুরী ও ক্রিয়েটিভ ডিরেক্টর লাবিক কামাল গৌরব। অ্যালবামের মোড়ক উন্মোচনে অংশ নেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
‘আধেক ঘুমে’ অ্যালবামে রয়েছে ১২টি রবীন্দ্রসঙ্গীত। গানগুলো হলো- ‘ফাগুন হাওয়ায়’, ‘আধেক ঘুমে’, ‘শাওনে গগনে’, ‘গানের সুরের আসনখানি’, ‘আমি কান পেতে রই’, ‘মেঘ বলেছে যাবো যাবো’, ‘কোথা হতে বাজে প্রেম বেদনা’, ‘প্রচ- গর্জনে’, ‘ধ্বণিল আহ্বান’, ‘পুরানো সেই দিনের কথা’, ‘রাখো রাখো রে’ এবং ‘আমার দিন ফুরালো’। এগুলোর মধ্যে ‘শাওনে গগনে’ গানে শ্রাবন্তী আলী ও ‘আমার দিন ফুরালো’ গানে ওয়ার্দা অর্ণবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন। ১২টি রবীন্দ্রসঙ্গীত ছাড়াও অ্যালবামে বোনাস ট্র্যাক হিসেবে রয়েছে অর্ণবের রিমেক করা রবির থিম সঙ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অ্যালবামটি গতমাসে রবি রেডিও এবং রবি গুনগুনে প্রকাশ করা হয়েছিল। এবার তা সিডি আকারে পৌঁছে যাবে সবার কাছে।
অর্ণব বর্তমানে ‘আধখানা মিউজিক’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি পালন করছেন প্রধান নির্বাহীর দায়িত্ব। এখান থেকেই তিনি মিউজিক ভিডিও, প্রামাণ্যচিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে থাকেন। এই প্রতিষ্ঠানের ব্যানারেই বেরিয়েছে তার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘আধেক ঘুমে’।
বাংলাদেশ সময় : ১৬২০, জুন ২৩, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।