চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৩৮তম ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব (র্যাগ) বৃহস্পতিবার শুরু হয়েছে।
এদিন সকালে গোল চত্বর থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের উদ্ধোধন করেন চুয়েটের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন প্রদক্ষিণ করে ফের গোলচত্বরে এসে শেষ হয়।
এদিকে র্যাগ ডে ঘিরে চুয়েট ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে। শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে স্ফূর্তির আমেজ।
এরপর দুপুরে অনুষ্ঠানের বিস্তারিত জানাতে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্যে র্যাগ কমিটির প্রধান আহ্বায়ক সৈয়দ আবুল হাসনাত চুয়েটের ৩৮তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে আবার নগরে র্যালি বের করে। র্যালিটি চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন থেকে জিইসি মোড় গিয়ে শেষ হয়। বিকেলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মেতে ওঠে রঙ খেলায় ও ডিজে পার্টিতে। এছাড়া সন্ধ্যায় কেন্দ্রীয় মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
সৈয়দ আবুল হাসনাত জানান, তিনদিনব্যাপী এ উৎসবে শুক্রবার এবং শনিবারে রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, মেহেদী উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ০৩, ২০১২
এমবিএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর