 |
কলম্বো: পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিনেই জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ৫১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৩০০ রানে সবকটি উইকেট হারায়। ফলে ২০৯ রানের জয় পায় স্বাগতিকরা। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো লঙ্কানরা।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৭২ ও দ্বিতীয় ইনিংস: ১৩৭/৫ ডি.
পাকিস্তান প্রথম ইনিংস: ১০০ ও দ্বিতীয় ইনিংস ৩০০ (১১৪.০ ওভার)
শুরু থেকেই গলে টেস্টের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে। অন্যদিকে প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর ম্যাচে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় সফরকারী। দ্বিতীয় দফা ব্যাট করতে নেমে আবারো বিপর্যয়ের আশঙ্কা থাকলেও চতুর্থদিন ইউনিস খান, আসাদ শফিক ও আদনান আকমলের ব্যাটিংয়ে টেস্ট পঞ্চম দিনে টেনে নেওয়ার সম্ভাবনা জাগায় পাকিস্তান। তবে বোলার সুরাজ রনদিভ সফরকারীদের ব্যাটিংয়ের লেজের দিকটা দ্রুত ছেঁটে দেওয়ায় চতুর্থ দিনেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
আগের তিন উইকেটে ৩৬ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামা পাকিস্তান দুই রান যোগ হতেই চতুর্থ উইকেট হারায়। পঞ্চম উইকেটে ইউনিস খান ও আসাদ শফিকের ১৫১ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন। দলীয় ১৮৯ রানে আসাদ শফিককে (৮০) মাহেলা জয়াবর্ধনের ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙ্গেন রঙ্গনা হেরাথ। বেশি দূর যেতে পারেননি ইউনিসও। শতরানের কাছে থাকা ইউনিসের (৮৭) উইকেট শিকার করেন নুয়ান কুলাসেকারা। এরপরই পাকিস্তানের পতন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। অষ্টম ব্যাটসম্যান আদনান আকমল উইকেটের একপ্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে নিয়মিত উইকেট হারিয়ে ৩০০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ৪০ রানে অপরাজিত থাকেন আদনান।
নুয়ান কুলাসেকারা ও সুরাজ রনদিভ প্রত্যেকেই পেয়েছেন তিনটি করে উইকেট। এছাড়া দুটি উইকেট নেন রঙ্গনা হেরাথ।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ২৫, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস