 |
ঢাকা: আশুলিয়ার তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যু ও অনেক শ্রমিকের আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মহিলা পরিষদ সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করলাম যে, ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরিন ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক কর্মীর মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই নারী। আহত হয়েছেন আরও অনেক শ্রমিক।’’
‘‘বাংলাদেশ মহিলা পরিষদ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।’’
বিবৃতিতে নেতারা আরো বলেন, ‘‘পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে এমন ভয়াবহ মৃত্যু প্রায়শই দেখা যাচ্ছে। প্রত্যেক কারখানায় জরুরি নির্গমনের একাধিক বিকল্প রাস্তা থাকার কথা থাকলেও মালিকপক্ষের চরম ইদাসীনতার কারণে তা মানা হয় না। ফলে এমন দুর্ঘটনার ফলে আমাদের দেশে প্রতি বছর শত শত সম্ভাবনাময় প্রাণের অকাল মৃত্যু ঘটে।’’
তারা বলেন, ‘‘আমাদের অর্থনৈতিক খাতে যে উন্নয়ন, তার ৮০ শতাংশই আসে পোশাক শিল্প থেকে এবং এ খাতে কর্মরত ৮০ শতাংশই নারী। এই নারী শ্রমিকদের শ্রম, সময় ও মেধার বিনিময়ে জাতীয় অর্থনৈতিক খাতে ও গ্রামীণ জীবনযাত্রায় ব্যাপক উন্নয়ন ঘটেছে। কিন্তু এই শ্রমিকদের কর্মক্ষেত্রে জীবনের ন্যূনতম বেঁচে থাকার নিরাপত্তার বিষয়টি কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে না।’’
মহিলা পরিষদ নিহতদের প্রত্যেকের পরিবারের যথাযথ ক্ষতিপূরণ, আহতদের উপযুক্ত চিকিৎসাসহ পুনর্বাসনের দাবি জানায়। একই সঙ্গে যে অনিয়মের জন্য এ ধরনের ঘটনা ঘটছে, তার পুনরাবৃত্তি রোধে যথাযথ তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন মহিলা পরিষদ নেতারা।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর