 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র নিহত জুবায়ের আহমেদের বাবা তোফায়েল আহমেদের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
জাবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন রোববার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কাউন্সিল কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি জুবায়ের আহমেদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়ে ৯ জানুয়ারি মারা যান।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সিদ্ধান্তে জুবায়ের আহমেদের পরিবারকে ২ লাখ টাকা এবং তার পরিবারের একজন সদস্যকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে, এ হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জুবায়ের হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে এরইমধ্যে বিশ্ববিদ্যালয় থেকে ৭ ছাত্রকে আজীবন এবং ৬ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় পুলিশ অভিযুক্ত আসামিদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর