ঢাকা: ক্রিকেটর ২২ গজের ক্রিচটির ওপর বেশ আধিপত্য তার। উইকেটের সামনে যেমন অপ্রতিরোধ্য পিছনেও তাই। জয় করেছে বিশ্বকাপ। কিন্তু কলম হাতে ঠিক বিপরীত চিত্র তার। ফেল মেরেছেন স্নাতক পরীক্ষায়।
পাঠক বলা হচ্ছে, ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধনির কথা। স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। রাঞ্চির সেইন্ট জেভিয়ারস কলেজে ব্যবসায় (ভোকেশনাল) বিভাগের শিক্ষার্থী তিনি। ছয় ছয়টি পরীক্ষার কোনোটিতে পাস করতে পারেননি তিনি।
৩১ বছর বয়সী ধনি যেন পরীক্ষা পাস করতে পারে তার জন্য কর্তৃপক্ষ যথেষ্ট সুযোগ দিয়েছিল জানান কলেজের অধ্যক্ষ।
ফাদার নিকোলাস টেলে বলেন, “প্রথম সিমেস্টারে ধনিকে বইপত্র এবং গবেষণার প্রয়োজনীয় বিষয়াদি সরবরাহ করা হয়েছিল। জাতীয় দলের নেতৃত্বদানকারী অসাধারণ ক্রিকেটার হিসেবে ক্লাসে তার অনুপস্থিতিকে মেনে নেওয়া হতো। এমনকি তার মর্জিমাফিক পরীক্ষার স্থান ও তারিখ ঠিক করতাম আমরা।”
গত বছর আন্ডার-১৯ দলের কিপার উন্মুক্ত চন্দ্রকে ক্লাসে উপস্থিতি কম থাকায় কর্তৃপক্ষ পরীক্ষা দিতে দেয়নি। এর সমালোচনা করেন ধনি। উন্মুক্ত চন্দ্রের পক্ষে অবস্থান নেন তিনি।
সোমবার যখন সহপাঠীদের হাতে তুলে দেওয়া হবে স্নাতক ডিগ্রীর সনদ তখন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের জন্য বেঙ্গালুর জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলনরত থাকবেন।
১৯৮১ সালের ৭ জুলাই ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঞ্চিতে জন্মগ্রহণ করেন মহেন্দ্র সিং ধনি। ২০০৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে একদিনের ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। এর পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে তার অভিষেক ঘটে। ২০১১ সালে তার নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপ জয় করে ভারত।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com