ঢাকা: জাতীয় বয়স ভিত্তিক সাঁতারের গত আসরে ১১টি স্বর্ণসহ ১৩টি পদক জিতেছিলেন ববিতা। কিন্তু বুধবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় এবার নেই তিনি। ফেডারেশনের নিষেধাজ্ঞা থাকায় অংশ নিতে পারছেন না গতআসরে মেয়েদের বিভাগের চ্যাম্পিয়ন কুষ্টিয়ার আমলার এই সাঁতারু।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ববিতা। সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন নিজেও এর কোনো সদুত্তর দিতে পারেননি, ‘ববিতার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে। তাই তার শাস্তি মওকুফ করার বিষয়টি আমি একা নিতে পারিনা। এ ব্যাপারে ফেডারেশনের সভাপতিসহ ইসি কমিটির সিদ্ধান্ত নিতে হবে।’ গত বছর শৃঙ্খলা ভঙ্গের কারণে ফেডারেশন ববিতাকে ১ বছরের নিষেধাজ্ঞা দেয়।
বিকাল ৪টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা শুরু হবে। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় পাঁচ গ্রুপে সাঁতারুরা অংশ নেবে। গ্রুপ গুলো হচ্ছে অনুর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭, ও ১৮-২০। নিয়মিত ইভেন্টের সঙ্গে এবারই প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে তিনটি ডাইভিং ইভেন্ট। তবে মিরপুরে কোনো ডাইভিং স্প্রিং বোর্ড না থাকায় প্লাটফর্ম ডাইভিং ছাড়া বাকি দু’টি ইভেন্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশ সেনাবাহিনী ডাইভিং পুলে।
প্রতিযোগিতায় একটি বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৩৬টি জেলা ক্রীড়া সংস্থা, ৪১ টি সুইমিং ক্লাব, একটি শিক্ষা বোর্ড, বিকেএসপি ও আনসারসহ মোট ৮২টি দলের ৫৯৮ জন বালক ও ২৩৮ জন বালিকা অংশ নিচ্ছে।
প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে ১৬ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বিআরবি কেবলস দিচ্ছে ১০ লাখ টাকা। বাকি টাকা ফেডারেশনের তহবিল থেকে খরচ করা হবে বলে জানান শাহীন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর