গোয়ের্নিকা
১
যদি তোমাদের সুপ্ত বাসনায়
কখনো সকালের রোদ এসে সাইকেল বোনে
যদি হাজারো শিলালিপির ভিড়ে
দেখা যায়
প্রমিজড ল্যান্ডের নগ্ন গোয়ের্নিকা
আল-কেমের অতীত স্বপ্নে ভেঙে গেলো
হাসপাতালের পলেস্তারা
ক্যান্সারে আক্রান্ত পাপড়ির
এক চৌল হাসির জন্য বণিকের ক্যামেরায় ফ্ল্যাশ
আহা জানে না সে
কিছুকাল পেরুলেই দুনিয়ার ইতিহাস তাকে
মিশিয়ে দেবে পাখিমাংসের শিকে
তার জোনাক-শরীর
গণতন্ত্রের ছেনালিতে মুগ্ধ বহুদিন
অজস্র বিফল সঙ্গমে জন্ম নেওয়া বিশ্বনীতি
পাশ্চাত্য-সংঘের ন্যাংটো রক্ষিতা
আমাদের মাটিতে বিছানা খোঁজে
তবুও ক্ষুধা তবুও মৃত্যু
সীমান্ত প্রহরীদের বারুদ ভরা গোলাপের কুশলি তাকে...
২
দু’ একটা ছেলেবেলা দৌড়োচ্ছে
তার সাথে বরফের আধখানা টুকরো কুকুরের মুখটাকে লাল করে
মায়ায় ঢুকছে মায়া
কোনো কোনো বাড়ি থেকে ভাসছেন মেহেদি হাসান...
ঈশ্বর বাবু বেশ ভালো থাকেন গ্রীষ্ম এলে
তার ছেলেটার জ্বর হয় না
পুকুরে ঝাঁপ দেয়না রেডিওর গলা
দু’ বেলা আপেল কুড়িয়ে রেখে দেন জুতোর ছায়ায়
চায়ের দোকান মেপে কাপগুলো উল্টে রাখেন টংঘরে
এখানে শরীর বুঝে শীত আসে
কারো মাফলার ভুল হলে
রিক্সায় টান মারে বায়ান্নো তাসের ডাক
নীলকে পৃথক দেখাতেই হেসে ওঠে বারোয়ারি লাল...
তাকে চিঠি লেখা ভুল হবে
অক্ষরের হাট থেকে ফিরে এলে তার গাধা হারায়
আর ক’ জনের মতো তিনিও প্রশ্ন করেন
যুদ্ধ অথবা আত্মহত্যায় কারো বাড়ি ফুরোলে
ঘুমের কী আসে যায়...?
দু’ একটা ছেলেবেলা দৌড়োচ্ছে...
জলের কাঠ থেকে উড়ছে শালিক...
বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১২