 |
| ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম. |
দিনাজপুর থেকে: এক মণ খাসি, আধ মণ মুরগি, আর ৩০ কেজি গরুর মাংসের ব্যবস্থা থাকবে রোববার। সেদিন এতো লোক হবে, খাবারতো বেশি লাগবেই, কর্মচারীও বাড়াতে হবে এতো কাস্টমার সামলাতে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোববারের জনসভাকে ঘিরে নিজেদের প্রস্তুতি এভাবেই বাংলানিউজের কাছে তুলে ধরছিলেন দিনাজপুর শহরের মুন্সি হোটেলের ম্যানেজার টমাস।
শুধু টমাস নয়, এখানকার প্রত্যেক খাবার ব্যবসায়ী এখন ব্যবসার মানসে বাড়তি সরঞ্জাম একাট্টা করছেন জনসভার জনসমাগমকে মাথায় রেখে।
পিছিয়ে নেই ফেরিওয়ালারাও। অন্য যে কোনো দিনের তুলনায় রোববার বেশি বিকিকিনি হবে। তাই বাড়িয়েছেন তাদের মজুদ। হাতের পণ্য ঘাটতি হওয়ার আগেই দ্রুত যাতে পূরণ করা যায়, তাই ময়দানের কাছাকাছি মজুদের ব্যবস্থা রাখছেন তারা।
রিকশা, ব্যাটারিচালিত রিকশাচালকরাও ওই দিন বাড়তি আয়ের আশা করছেন। তারা শনি থেকে সোমবার পর্যন্ত ভালো আয় করতে পারবেন বলে ধরে নিচ্ছেন।
বালুবাড়ির রিকশাচালক মো. মনোয়ার বলেন, ‘‘হিসেব করে দেখেছি, অনেকেই জনসভার আগের দিন আসবেন, আর যাবেনও পরের দিন। এ সময় শহরের এদিক ওদিক যাবেন তারা। আমরাও ভাড়া পাবো।’’
শুধু গোর-এ-শহীদ ময়দানে নয়, সারা দিনাজপুর জুড়েই চলছে সাজ সাজ রব। মাইকে ‘যোগ দিন, যোগ দিন’ আহ্বান। কোনো মাইক চড়ে বেড়াচ্ছে রিকশায়, আর কোনোটি পিক-আপ ভ্যানে। সেই পিক-আপ ভ্যানের পেছনে আবার কয়েক জন কিশোর ছাতা মাথায় নিচু হয়ে দলের স্লোগান দিচ্ছে বিপুল উদ্দীপনায়।
সেই সঙ্গে কন্ঠটা ভরাট করে নিয়ে আওয়াজ দিচ্ছে ‘দেশ পরিচালনায় ব্যর্থ, দুর্নীতিবাজ আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার পদ্ধতি পুনর্বহাল ও কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন বন্ধ, শেয়ারবাজার লুন্ঠনকারী, পদ্মাসেতু নির্মাণে দুর্নীতি, রেলওয়ে ও হলমার্ক অর্থ কেলেঙ্কারির শাস্তি এবং ১৮ দলীয় সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার ২টার বিশাল জনসভায় যোগ দিন, যোগ দিন।’
রাস্তাগুলোয় নানা ছবি আর স্লোগান নিয়ে মাথা উঁচু করে আছে বিশাল সব তোরণ, পোস্টারে ছেয়ে গেছে দেয়ালগুলো। জিয়াউর রহমান হাসছেন, খালেদা জিয়া পায়রা ওড়াচ্ছেন, আর তারেক রহমান হাততালি দিচ্ছেন বিশাল আকারের পোস্টারগুলোতে।
বালুবাড়ির মোড়ে হাসিমুখে খালেদার পায়রা ওড়ানোর বড় ছবিটি এক পথচারী অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলেন। কাছে গিয়ে কারণ জানতে চাইলেই লজ্জিত ভঙ্গিতে বললেন, ‘‘দেখি আরকি, ভালো লাগে।’’
এদিকে বিএনপির দিনাজপুর জেলা দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ। দলের নেতারা একে একে আসছেন, কর্মসূচি নিয়ে নানা পরিকল্পনা, কিছুটা হাস্যরস, খুনসুটি, হালকা নাস্তা-পানি, এসবের মধ্যে দিয়ে নিজেদের সম্পর্কগুলোও আরো মধুর হচ্ছে বলে জানালেন উপস্থিত কয়েকজন।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
এসকেএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর