 |
আলো উপজেলা শহরের এক মেয়ে। ট্রেন দুর্ঘটনায় তার পা হারায়। এর পর থেকে নিজেকে গুটিয়ে নেয় নিজের ভেতর। কারো করুণা নিয়ে জীবনে বাঁচতে চায় না সে। ফলে বিয়ে সাদি করেনি।
বাবা টিচার। বাবার স্কুলে ঢাকা থেকে তরুণ শিক্ষক কাজল যোগ দেয়। কাজল চেষ্টা করে এই গুটিয়ে থাকা মেয়েটিকে তার ভুল ধারনা থেকে বের করে আনতে। আর সে কাজটি করতে গিয়ে নিজের অজান্তেই প্রেমে পড়ে যায় আলোর।
কিন্তু আলো কিছুতেই বিশ্বাস করে না কোন পাহীন মানুষকে কেউ ভালোবাসতে পারে এবং তাকে নিয়ে সংসার করতে পারে। এরকম একটি গল্প নিয়ে নির্মাণ হয়েছে একক নাটক ‘পা অথবা ট্রেনের গল্প’।
গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম শাহেদ। আর এ নাটকে পাহীন আলো চরিত্রে অভিনয় করেছেন কুসুম সিকদার। আর কাজল চরিত্রে অভিনয় করেছেন রাহুল আনন্দ।
অন্য একটি চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান। আর এ নাটকের মাধ্যমে শামীম শাহেদের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করলেন শামীম জামান।
নাটকে নিজের চরিত্রটি নিয়ে কুসুম বাংলানিউজকে বলেন ‘বেশ ভালো একটি গল্প। আর এ ধরনের চরিত্রে আমার অভিনয় করা হয়নি। আমরা সকলে মিলে একটি ভালো কাজ তৈরি করার চেষ্টা করছি।’
নাটকে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন নিয়াজ মোর্শেদ। আসছে ঈদে নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে বলে জানান পরিচালক।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১২
এজে