ঢাকা: এবার প্রকাশ্যে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত। আগামী ৩ ডিসেম্বর সোমবার রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে স্বাধীনতাবিরোধী দলটি।
যুদ্ধাপরাধ বিচারের নামে নিরপরাধ জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটকিয়ে রাখা এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নীপিড়ন-নির্যাতন ও মিথ্যা মামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে দেশব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছে জামায়াত।
সূত্র জানায়, ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে তারা বিক্ষোভ সমাবেশ করবে। সমাবেশ ও মিছিল থেকে নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাবে জামায়াত।
বৃহস্পতিবার দুপুরে জামায়াতের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে এ সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
বিক্ষোভ সমাবেশ সর্ম্পকে জানতে চাইলে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বাংলানিউজকে বলেন, জামায়াত গঠনতান্ত্রিক রাজনীতি করে। গনতন্ত্রের পক্ষে কথা বলে।
রাজনৈতিক দল হিসাবে তাদের গণতান্ত্রিক কর্মসূচি দেওয়ার অধিকার আছে। সে অনুযায়ী তাদের শীর্ষ নেতাসহ সকল নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৩ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে।
মাসুদ বলেন, দেশের সার্বিক সমস্যা, সাধারণ মানুষের নিরাপত্তা, আইন-শৃঙ্খলার অবনতি, অর্থনীতি ধ্বংসের পথসহ বেশ কিছু সমস্যার সমাধান চাইতেই মানুষের পক্ষে নতুন এ কর্মসূচি হাতে নিয়েছে জামায়াত।
তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসনমূলক বিচার, জামায়াত-শিবিরকে কথা বলতে না দেওয়া, পুলিশি হামলা ও নির্যাতন নিপীড়নের প্রতিবাদ এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতেই তাদের কর্মসূচি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এমএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
eic@banglanews24.com