 |
গোয়ালন্দ (রাজবাড়ী): ফেরি বিকল হয়ে পড়ায় দৌলতদিয়া ঘাটে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজট লেগে আছে।
ফেরি পারাপারের দীর্ঘ সময় ব্যয় হওয়ায় যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিআইডব্লিউটিসি ও ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদীর পানি বৃদ্ধি পেয়ে শুক্রবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের তিনটি পন্টুনে পানি উঠে যানবাহন ওঠানামা বন্ধ হয়ে যায়।
এরমধ্যে দৌলতদিয়ায় একটি ঘাট চালু করা গেলেও দুটি ঘাট এখনও বন্ধ রয়েছে।
শনিবার সকাল থেকে রো রো ফেরি শাহ জালাল ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ইঞ্জিনে সমস্যা হওয়ায় ফেরি দুটিতে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে।
পদ্মার পানি বৃদ্ধির ফলে নৌ-পথের দুরত্ব বৃদ্ধি পেয়েছে। নদীতে স্রোতের সৃষ্টি হয়ে নদী পাড়ি দিতে আগের চেয়ে বেশি সময় ব্যয় করছে ফেরিগুলো। বর্তমানে মাত্র ৬টি রো রো ও ২টি কে-টাইপ ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।
শনিবার রাত ১১টা পর্যন্ত গাড়ির সিরিয়াল ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে চার কিলোমিটার দুরের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত যানযট লেগেছিল। রোববার সকাল আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানযট কিছুটা কমেছে বলে জানা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান বাংলানিউজকে জানান, নদীর পানি বৃদ্ধিতে পন্টুন ডুবে ঘাট বন্ধ ও ফেরি বিকল হয়ে যানবাহন পারাপার ব্যহত হচ্ছে। ঘাট ও ফেরি মেরামত শেষ হলে যানবাহন পারাপার বেশি করে চাপ কমানো যাবে।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর