ঢাকা: রাজধানীর গুলশানের হেরিটেজ হোটেলে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি নেতারা রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করেন।
বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, গ্রেফতার, হত্যা, গুম, নির্যাতন, নিপীড়নের বিভিন্ন তথ্য উপাত্ত ও পত্রিকার কাটিং রাষ্ট্রদূতদের সামনে উপস্থাপন করা হয়।
এছাড়া নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান দিতে সরকারের ব্যর্থতা প্রসঙ্গে আলোচনা হয়।
আলোচনায় বিএনপির পক্ষে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
মওদুদ রাষ্ট্রদূতদের জানান, বিএনপির যে নেতাদের জেলে পাঠানো হয়েছে, তাদের মধ্যে অনেকেই অসুস্থ ও বয়স্ক। তাদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কারাগারে পাঠিয়ে তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে।
মওদুদ আরও বলেছেন, আমাদের বিচার ব্যবস্থার ওপর দেশের মানুষের কোনো আস্থা নেই। আইন এখন এক ব্যক্তির নির্দেশে চলে। সব ক্ষেত্রে দলীয়করণ হয়েছে। বিচারপতি হিসেবে সিনিয়রদের ডিঙিয়ে দলীয় বিচেনায় জুনিয়রদের পদন্নোতি দেওয়া হয়েছে।
বৈঠকে এই প্রথম ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি উপস্থিত ছিলেন।
বুধবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এ বৈঠক চলে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শসের মবিন চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ এবং বিএনপির পররাষ্ট্র বিষয়ক সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান।
অন্যদিকে উপস্থিত ছিলেন ব্রিটেন, নরওয়ে, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জার্মান, কানাডা, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, সুডেন, সুইজারল্যান্ডসহ প্রায় ১৬টি দেশের রাষ্ট্রদূত ও সহকারী রাষ্ট্রদূতরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ২৩, ২০১২
এমএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর