চট্টগ্রাম: উপমহাদেশের খ্যাতিমান আধ্যাত্মিক সাধক হজরত শাহ মোহছেন আউলিয়ার (র.) বার্ষিক ওরস উপলক্ষে ভক্তের ঢল নেমেছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে এখন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আসা হাজার হাজার আশেকের মিলনমেলা।
প্রতিবছর বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ৬ আষাঢ় মহাসমারোহে এ ওরস অনুষ্ঠিত হয়ে আসছে। এবার বুধবার প্রধান দিবস হলেও কয়েকদিন আগে থেকেই দূরদূরান্তের ভক্তরা যে যার মতো এসে জিয়ারত করে গেছেন।
দিনব্যাপী ওরসের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ, জিকির, জেয়ারত, কাওয়ালি ও ভক্তিমূলক গানের আসর, বিশেষ মোনাজাত, ফাতেহা ও তবারক বিতরণ। দফায় দফায় মিলাদ, মোনাজাত, রোনাজারি আর ফরিয়াদে মুখর হয়ে উঠেছে মাজার কমপ্লেক্স।
ওরস উপলক্ষে বটতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্থায়ী মোহছেন আউলিয়ার শানে করা গানের অ্যালবাম, সিডি, হাতে তৈরি বিভিন্ন পণ্যসামগ্রী ও খাবার দোকান বসানো হয়েছে। বাস, ট্রাক, মাইক্রোবাস, জিপ, টেম্পো, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনযোগে আসছেন ভক্তরা। সঙ্গে এনেছেন মানত করা পশু-পাখিসহ বিভিন্ন পণ্যসামগ্রী। মাইক বাজছে শিমুল শীলের ‘কী ধন দিলা আল্লাহ তুমি আনোয়ারা থানাতে/বটতলী গ্রাম রৌশন হইল সেই নূরের আলোতে’সহ নানান ভক্তিমূলক গান। ১৯৯৪ সাল থেকে শিমুল শীলের মোহছেন আউলিয়ার ভক্তিমূলক গান ছড়িয়ে পড়ে সারা দেশে।
বটতলী মাজার এলাকা ছাড়াও বরুমচড়া, হাজীগাঁও, আইরমঙ্গল, খুরুশকূল, বারৈয়া, চাপাতলী, ঝিওরীসহ আশপাশের বিভিন্ন এলাকায় জাঁকজমকভাবে ওরস উপলক্ষে গরু, মহিষ, ছাগল জবেহ করা ফাতেহা দিয়ে তবরুক বিতরণ করা হয়েছে।
মোহছেন আউলিয়ার ওরসে অংশ নিতে আসা লোকজনের সার্বিক নিরাপত্তা দিতে কাজ করছেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসানের নেতৃত্বে ৮জন পুলিশ কর্মকর্তা ও ১ প্লাটুন পুলিশ।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি উল্লেখ করে আনোয়ারা থানার ওসি মো. আবদুস সালাম বাংলানিউজকে বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর যানজট নেই বললেই চলে। বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজনের যাতে কোনো ধরনের অসুবিধা বা ভোগান্তি না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। গুরুত্বপূর্ণ মোড়গুলো আমি নিজে পরিদর্শন করেছি।
উল্লেখ্য, বারআউলিয়ার পুণ্যভূমি খ্যাত চট্টগ্রামের অন্যতম প্রধান জিন্দা আউলিয়া হিসেবে পরিচিত শাহ মোহছেন আউলিয়ার অনেক কারামত লোকমুখে ফেরে এ জনপদে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ২০, ২০১২
এআরএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর