 |
ঢাকা: এমিরেটস এয়ালাইনস ৬ ফেব্রুয়ারি থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দৈনিক ফ্লাইট পরিচালনা করবে। ওয়ারশ হবে পোল্যান্ডে এমিরেটসের প্রথম ও বিশ্বব্যাপী নেটওয়ার্কে ১২৯তম গন্তব্য।
ওয়ারশ ফ্লাইট পরিচালনায় এয়ারবাস এ৩৮০-২০০ উড়োজাহাজ ব্যবহৃত হবে। এমিরেটস হবে একমাত্র এয়ারলাইন যা, পোল্যান্ডের যাত্রীদের জন্য প্রথম শ্রেণি অফার করবে।
ওয়ারশতে ফ্লাইট শুরু উপলক্ষে সম্প্রতি শহরের প্যালেস অব কালচার অ্যান্ড সায়েন্স অ্যান্ড কংগ্রেস হলে ভ্রমণ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে ৫শ এর বেশি অতিথি যোগ দেন।
অনুষ্ঠানে প্রাইভেট সুইটের রেপ্লিকাসহ এমিরেটস এয়ারলাইনসের ফ্ল্যাগসিপ ক্যারিয়ার এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের বিভিন্ন অংশ অতিথিদের সামনে প্রদর্শন করা হয়।
যাত্রী পরিবহন ছাড়াও এমিরেটস স্কাইকার্গো দুবাই-ওয়ারশ-দুবাই রুটে উড়োজাহাজের বেলিহোল্ডে সপ্তাহে ২৩৮টন মালামাল পরিবহন করতে পারবে।
১৯৫টি আধুনিক উড়োজাহাজের এক বিশাল বহরের সাহায্যে এমিরেটস বিশ্বের ১২৮টি গন্তব্যে চলাচল করছে।
এমিরেটসে কর্মরত বিশ্বের বিভিন্ন জাতির লোকদের মধ্যে পোলিশদের সংখ্যা বর্তমানে ৩০৫ জন, যার মধ্যে ২৭৪ জন কেবিন ক্রু।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৩
আইএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর