 |
ঢাকা: ‘বিএনপি নির্বাচনে আসবেই’ মর্মে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে মোটেই আমলে নিচ্ছে না বিএনপি। দলটি মনে করছে, প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য ওয়েটলেস। আওয়ামী লীগ নেত্রী যখন যাই বলুক তাকেও মনে রাখতে হবে, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
বিএনপির এক শীর্ষ নেতা প্রধানমন্ত্রীর ওই বক্তব্যকে গুরুত্বহীন মনে করে বলেন, “আওয়ামী লীগ নেত্রী কখন কি বলেন তা তিনি নিজেও জানেন না। তার কথা নিয়ে মানুষ এখন আর ভাবে না।”
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার আগে বাংলাদেশের স্থায়ী মিশনে সাংবাদিক সম্মেলনে বলেন, “বিএনপি নিবার্চনে অংশ নেবে। সবাই নিবার্চনে আসবে, বিএনপি আসবেই।”
প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যে মনে হচ্ছে- বিএনপির সঙ্গে বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে যে সমস্য ছিল তা কেটে গেছে- এমন প্রসঙ্গে মনোযোগ আকর্ষণ করলে বিএনপির স্থাযী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “ওয়েট নেই এমন কথা প্রধানমন্ত্রী প্রায়ই বলেন।”
মোশাররফ বলেন, “বিএনপির কারো সঙ্গে ওনার (প্রধানমন্ত্রী) কথা হয়েছে বলে আমার জানা নেই। তিনি জনগণের দাবি তত্ত্বাবধায়ক সরকারও পুনর্বহাল করেন নি। তিনি কিভাবে বলেন এবং ভাবেন যে, বিএনপি তার অধীনে নির্বাচনে যাবে?”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী এমন হালকা কথা প্রায়ই বলেন।”
মোশাররফ বলেন, “বাংলাদেশের মত ছোট দেশগুলো চলে বিশ্বব্যাংকসহ কিছু সংস্থার সহযোগিতায়। কিন্তু প্রধানমন্ত্রী নিজেদের দুর্নীতিবাজদের না ধরে বিশ্বব্যাংককে দুর্নীতিবাজ বলছেন।”
জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে বিশ্বব্যাংক সংস্কারের যে প্রস্তাব শেখ হাসিনা তুলেছেন সেটিকেও ওয়েটলেস বক্তব্য বলে দাবি করেন মোশাররফ।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১২
এমএম/ জেডএম