দীর্ঘ ১৩ দিন পর সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু। বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন এলআরবির ব্যবস্থাপক, সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম।
তিনি এ বিষয়ে বাংলানিউজকে বলেন, “এখন আইয়ুব বাচ্চু অনেকটা সুস্থ। হাসপাতাল থেকে তাকে বিকেলে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। রবিবার অবরোধের কারণে তাকে বাসায় নিয়ে আসা হয় আজ।”
তার চিকিৎসক কার্ডিওলজিস্ট আবদুল্লাহ-আল জামিল আগেই জানিয়েছেন, বাসায় যাওয়ার পর আইয়ুব বাচ্চুকে অন্তত একমাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। বাসার ভেতরে চলাফেরা এবং প্রয়োজনীয় হালকা ব্যায়াম করতে পারবেন। তবে, মাসখানেক কোনো কনসার্টে অংশ নিতে পারবেন না।
উল্লেখ্য, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ২৭ নভেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল আইয়ুব বাচ্চুকে। প্রথমে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি ঘটলে দু’দিন পরে নিয়ে আসা হয় কেবিনে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর