রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট চিনতলা এলাকায় শনিবার শেষরাতে এক ফল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় নারীসহ বাড়ির ৫ জন আহত হয়েছেন।
ডাকাতদল এ সময় নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, ৩ ভরি সোনার গহনাসহ প্রায় ৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ফল ব্যবসায়ী আব্দুল কাদির মিয়া।
আহতরা হলেন-আব্দুল কাদির মিয়ার ছেলে তাইজুল ইসলাম (২৬), জহিরুল ইসলাম (২৪), মেয়ে হাসিনা আক্তার (১৩), নাতনী রত্না আক্তার (৮) ও রিমা আক্তার (১০)। এদের মধ্যে তাইজুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী আব্দুল কাদের মিয়া বাংলানিউজকে জানান, শনিবার রাত ৩টার দিকে ১২/১৫ জনের একদল ডাকাত ধারালো অস্ত্র দিয়ে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে লুটপাট শুরু করে। এ সময় পরিবারের লোকজন বাধা দিলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে ওই ৫ জনকে কুপিয়ে জখম করে।
পরে তারা ঘরের আলমারি থেকে এসব নগদ টাকা ও সোনার গহনাসহ প্রায় ৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
রূপগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুন ১৭, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর