নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার সিদ্দীকপুর গ্রামের বাকাপুর মাঠের একটি শসাক্ষেত থেকে মঙ্গলবার সকালে আমজাদ হোসেন (৩০) ও শাহীন (২৫) নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত আমজাদ উপজেলার সিদ্দীকপুর গ্রামের বয়তুল্যার ছেলে এবং শাহীন একই গ্রামের এনামূলের ছেলে।
স্থানীয়রা জানায়, চোর ও শেয়ালের হাত থেকে শশাক্ষেত রক্ষা করতে প্রতি রাতেই সিদ্দীকপুর গ্রামের কৃষক সালেম উদ্দীন ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রাখেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই তারে জড়ানো অবস্থায় আমজাদ ও শাহীনের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময় শশাক্ষেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে।
সকাল ১১টায় ওসি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মে ১৫, ২০১২
শফিক ছোটন/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর,